আইনি সীমার মধ্যে থেকেই পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে পুঁজিবাজার সমন্বয় কমিটি। গতকাল সোমবার ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে এক বৈঠকে কমিটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পুঁজিবাজার সমন্বয় কমিটির নেতারা ছাড়াও এবিবির চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন। কমিটির সমন্বয়ক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান বলেন, বিদ্যমান আইনি সীমা অনুযায়ী ব্যাংকগুলো তাদের মোট দায়ের ১০ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। বর্তমানে এই বিনিয়োগের পরিমাণ প্রায় আড়াই শতাংশ। পুঁজিবাজারের বর্তমান অবস্থার উন্নতির জন্য ব্যাংকগুলোর তাদের দায়ের অন্তত ৫ শতাংশ এ বাজারে বিনিয়োগ করা উচিত।রকিবুর রহমান আরও বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লোকসানের রেকর্ড নেই। সমন্বয় কমিটির আহ্বায়ক এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ বলেন, ‘পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের এখনই উৎকৃষ্ট সময়। এখন বাজারে শেয়ারের দাম খুবই আকর্ষণীয় পর্যায়ে রয়েছে।’বৈঠকে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ পুঁজিবাজারে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে অনেক ব্যাংক তাদের মূলধন বৃদ্ধি করেছে। এখন বাজারের যে অবস্থা তাতে ব্যাংকগুলো বিনিয়োগ করলে লোকসানের ঝুঁকি একেবারে নেই বললেই চলে। বাজার পরিস্থিতি: বিনিয়োগ নিয়ে ব্যাংকারদের সঙ্গে পুঁজিবাজার সমন্বয় কমিটির বৈঠকের দিনেও দেশের শেয়ারবাজারে দরপতন ঘটেছে। এদিন ডিএসইর সাধারণ সূচক প্রায় ৪২ পয়েন্ট বা এক শতাংশ কমে নেমে এসেছে তিন হাজার ৮১৮ পয়েন্টে। নতুন চালু হওয়া সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট বা এক দশমিক ৩০ শতাংশ কমে নেমে এসেছে প্রায় তিন হাজার ৭২৬ পয়েন্টে। ঢাকার বাজারে এদিন লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রায় ৭৩ শতাংশের দরপতন ঘটেছে। এদিন ডিএসইতে ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৯৯টিরই দাম কমেছে, বেড়েছে ৫০টির আর অপরিবর্তিত ছিল ২৩টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে প্রায় ২০ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১৫১ কোটি টাকায়। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৩৯ পয়েন্ট বা এক দশমিক ১৮ শতাংশ কমে নেমে এসেছে ১১ হাজার ৬২৭ পয়েন্টে। এদিন সিএসইতে ১৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪৬টিরই দাম কমেছে, বেড়েছে ১৯টির আর অপরিবর্তিত ছিল ১১টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে প্রায় দুই কোটি টাকা কমে দাঁড়িয়েছে ২০ কোটি টাকায়।