ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর খবরে বাজার ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার দিন নিম্নমুখী থাকার পর আজ মঙ্গলবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে গতকালের চেয়ে লেনদেন বেড়েছে দুই বাজারেই।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর খবরে লেনদেনে ইতিবাচক প্রভাব দেখা যায়। ফলে আজ সকাল থেকেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়তে থাকে। লেনদেনের শেষ পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকে। তা ছাড়া গত চার দিন একটানা দরপতনে অনেক কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীরা ওই সব শেয়ারের দিকে আগ্রহী হওয়ায় বাজারে এর প্রভাব পড়ে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৮১ পয়েন্ট বেড়ে আবার সাড়ে চার হাজার পয়েন্টের ওপরে অর্থাত্ চার হাজার ৫৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে সূচক গতকালের চেয়ে ১২৮ পয়েন্ট বেড়েছিল। আজ ডিএসইতে মোট ২৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৪টির দাম বেড়েছে; কমেছে ২৬টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ ৬২৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০২ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, বিএসসিসিএল, যমুনা অয়েল, তিতাস গ্যাস, আরএন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, ইউসিবিএল, আমরা টেকনোলজিস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৪৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৫টির দাম বেড়েছে; কমেছে ১৪টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৭১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে নয় কোটি টাকা বেশি।