ব্যাংকের বিপর্যয় এড়াতেই করের টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী
আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী

ব্যাংক খাতের খারাপ পরিস্থিতির কথা অস্বীকার করছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তিনি কোনো ব্যাংকেই লাল বাতি জ্বলতে দিতে চান না। সে কারণেই সরকারি ব্যাংকগুলোকে প্রতিবছর মূলধন দিয়ে যাচ্ছেন বলে যুক্তি তাঁর।

জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার অর্থ বিভাগ খাতে আগামী অর্থবছরের জন্য রাষ্ট্রপতির কাছে ৫৩ হাজার ৮৩৩ কোটি ৮০ লাখ টাকা মঞ্জুরের দাবি জানান অর্থমন্ত্রী। এ ব্যাপারে বিরোধী দল জাতীয় পার্টির তিন ও এক স্বতন্ত্র সাংসদ আপত্তি করেন। আপত্তির জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ছাড়া অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ভোট চলছিল তখন।

এ বিষয়ে সংসদে গতকাল প্রথম আপত্তিটি জানান জাতীয় পার্টির সাংসদ নুরুল ইসলাম। বলেন, ব্যাংক খাতের অবস্থা সংকটাপন্ন। খেলাপি ঋণ ১ লাখ কোটি টাকার বেশি। বেশির ভাগ ব্যাংকের পরিচালক নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করে নিয়ে গেছেন। পুরো ব্যাংক খাত মালিক-পরিচালকদের কাছে জিম্মি।

এরপর অন্য সাংসদেরাও ব্যাংক খাত নিয়ে অর্থমন্ত্রীর উদ্দেশে প্রায় একই ভাষায় কথা বলেন।

জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকগুলোকে সরকার খামোখা টাকা দিচ্ছে বলে অভিযোগ এসেছে। বলা হয়েছে, ব্যাংক খাতের পরিস্থিতি খারাপ। খারাপ বলেই বিপর্যয় এড়াতে সরকার পদক্ষেপ নিচ্ছে। কারণ, কোনো ব্যাংকেই লাল বাতি জ্বলতে দেওয়া যাবে না।

অর্থমন্ত্রী গত বুধবারও সংসদে বলেছিলেন, একটি ব্যাংকে লাল বাতি জ্বললে সার্বিক অর্থনীতি বেকায়দায় পড়ে যায়।

এ সম্পর্কে মতামত চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ গত রাতে প্রথম আলোকে বলেন, অর্থমন্ত্রী কোনো ব্যাংকে লাল বাতি জ্বলতে দিতে চান না ভালো কথা। ব্যাংকগুলোতে লাল বাতি জ্বলার পরিস্থিতি কিন্তু আছে। এটি তৈরি করেছেন অর্থমন্ত্রী নিজে এবং তাঁর মন্ত্রণালয়। তাঁর মনোভাবটা হচ্ছে গরু মেরে জুতা দানের মতো।

ইব্রাহিম খালেদ আরও বলেন, ‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো চলে সম্পূর্ণভাবে অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। চুরিচামারি যা কিছু হয়েছে, মন্ত্রণালয়ের ছত্রছায়াতেই হয়েছে। আমি মনে করি, ব্যাংকগুলোকে জনগণের করের টাকা দিয়ে দেওয়াটা অন্যায় এবং নীতিবহির্ভূত কাজ। আশা করেছিলাম, অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর অন্তত আশ্বাস দেবেন অর্থমন্ত্রী। সেটুকুও দেননি তিনি।’

খোন্দকার ইব্রাহিম খালেদ, সাবেক ডেপুটি গভর্নর
খোন্দকার ইব্রাহিম খালেদ, সাবেক ডেপুটি গভর্নর

লাভের গুড় পিঁপড়ায় খায়

স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, ‘অর্থই অনর্থের মূল। আবার লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলে। সরকারি ব্যাংক জনগণের টাকা দিয়ে পুষবেন। বেসরকারি ব্যাংকও একই দিকে যাচ্ছে।’

রুস্তম আলী বলেন, ‘সরকারি ব্যাংকের পরিচালকেরা বিদেশে টাকা পাচার করছেন। এখন বেসরকারি ব্যাংকেও নিয়ম করা হচ্ছে যে এক পরিবার থেকে চারজন পরিচালক হবেন। কাম শেষ! ঢালাওভাবে এ সুযোগ দেওয়া ঠিক হচ্ছে না।’

ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিগগির দেশে একটি ব্যাংক কমিশন গঠনের পরামর্শ দেন রুস্তম আলী।

কয়েক বছরে সরকারি ব্যাংকগুলোকে মূলধন ঘাটতি পূরণের জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে সরকার।

ব্যাংকগুলো মুদির দোকান হয়ে যাবে

জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেন, এমনিতেই সরকারি ব্যাংকগুলোতে লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে। বেসরকারি ব্যাংকও এখন তা-ই। তার ওপর বেসরকারি ব্যাংকে এক পরিবার থেকে চার পরিচালক দেওয়ার নিয়ম করা হচ্ছে। এতে আরও লুটপাটের ব্যবস্থা হবে।

ফিরোজ রশীদ আরও বলেন, ব্যাংকগুলোতে স্বতন্ত্র পরিচালক নেই। বিষয়টা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেখতে পারে। নইলে, যেভাবে চলছে সেভাবে চললে ব্যাংকগুলো মুদির দোকান হয়ে যাবে। তখন ব্যাংক আর ব্যাংক থাকবে না।

অর্থমন্ত্রী তাঁদের চিনবেন না, এটা হয় না

‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়’ গানটি উদ্ধৃত করে জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম বলেন, যাঁরা ব্যাংক লুট করেছে, অর্থমন্ত্রী তাঁদের চিনবেন না, এটা হয় না।

ফখরুল ইমাম বলেন, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। ব্যাংকে টাকা রাখলে টাকা কেটে নেবেন, অথচ রাজধানীর ইসলামপুরে (ইসলামপুরে কাপড়ের ব্যবসা বেশি) ১ লাখ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে কীভাবে ৫ হাজার টাকা পাওয়া যায়—অর্থমন্ত্রীর কাছে এ প্রশ্ন রাখেন তিনি। অর্থমন্ত্রীকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান ফখরুল।

সাংসদদের অভিযোগে অর্থমন্ত্রীর আপত্তি

অর্থমন্ত্রীও এক এক করে সবার বক্তব্যের জবাব দেন। বলেন, দাবিটি হচ্ছে অর্থ বিভাগের। কিন্তু সবাই কথা বলেছেন ব্যাংক খাত নিয়ে। বেসরকারি ব্যাংকে পারিবারিক সদস্য বৃদ্ধির বিষয়ে সাংসদদের অভিযোগ ঠিক নয় বলে মনে করেন তিনি।

অর্থমন্ত্রী সাংসদদের উদ্দেশে বলেন, ব্যাংকে পারিবারিক সদস্য বৃদ্ধির আইনটি (সংশোধন) সংসদীয় কমিটি বিবেচনা করছে। সুতরাং এ ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে বলতে পারেন না। বলতে পারেন সিদ্ধান্তের অপেক্ষায়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) দাবির পরিপ্রেক্ষিতে গত ৮ মে মন্ত্রিসভায় এক পরিবারের চারজন বেসরকারি ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন বলে প্রস্তাব অনুমোদিত হয়।

ব্যাংকে স্বতন্ত্র পরিচালক না থাকা নিয়ে কাজী ফিরোজ রশীদের বক্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, দুঃখের বিষয় যে এটা সত্যি নয়। তা ছাড়া এটা করে বিএসইসি, মন্ত্রণালয় নয়।

বিপর্যয় এড়াতেই সরকারের পদক্ষেপ

অর্থমন্ত্রী জানান, তিনি গতকালই (বুধবার) ব্যাংক খাত নিয়ে কথা বলেছেন।

ব্যাংক খাতের বিপর্যয় সারা দেশকে ধ্বংস করে দিতে পারে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ফখরুল ইমাম সাহেব ভালো বলেছেন। সমস্যা হলো সুশাসনের। সুশাসন শব্দটার সীমানা ব্যাপক। আট বছরে এ খাতে অনেক কাজ হয়েছে। ভবিষ্যতে ফল পাওয়া যাবে।

সরকার ব্যবসা করলে কোনো দিনই ভালো করে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাতেই তিনি অর্থনীতিকে ছেড়ে দিতে চান এবং এ কারণেই সরকারকে ব্যবসা করা থেকে দূরে রাখেন।

অর্থমন্ত্রী বলেন, ‘অনেকেই হয়তো বলবেন দেশে ৫৮টি ব্যাংকের দরকার আছে কি না। আসলে এভাবেই বিশ্বজুড়ে ব্যাংকের উন্নতি হয়েছে। আশা করি ভবিষ্যতে ব্যাংকগুলো সুসংহত হবে এবং আমি সেই ভবিষ্যতের দিকে চেয়ে।’