ব্যাংকের মুনাফা কমেছে
অর্থনীতিতে চাহিদা কমে গেছে একথা অনেক দিন ধরেই বলা হচ্ছিল। এবার ব্যাংকগুলোর ষাণ্মাসিক মুনাফায় টান পড়াতে নতুন করে চাহিদা কমে যাওয়ার কথাটি জোরেশোরেই উচ্চারিত হচ্ছে। বলা হচ্ছে, আরও কিছু কারণের সঙ্গে ২০১৩ সালে প্রথম ছয় মাসে ব্যাংকগুলোর মুনাফা কমে যাওয়ার জন্য চাহিদা কমে যাওয়া প্রাধান্যে রয়েছে।বছরের শুরু থেকেই রাজনৈতিক অস্থিরতায় দেশের ব্যবসা-বাণিজ্যে বড় প্রভাব পড়ে। এ সময় ব্যাংকগুলোও তেমন ঋণ দিতে পারেনি। গত বছরের শেষ ভাগ থেকেই ধারাবাহিকভাবে আমদানি কমেছে। কমেছে মূলধনি যন্ত্রপাতি আমদানি।বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমেছে বড় আকারে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে জুলাই-এপ্রিল সময়ে এই প্রবৃদ্ধির হার সাত দশমিক ৯২ শতাংশে নেমে এসেছে। মুদ্রানীতিতে বছর শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৮ দশমিক পাঁচ ভাগ। গত এপ্রিল শেষে বিনিয়োগের অভাবে ব্যাংক খাতে প্রায় ৬৬ হাজার কোটি টাকার অতিরিক্ত তহবিল পড়ে থাকার তথ্য মিলেছে। বিনিয়োগ মন্দায় এই অবস্থা তৈরি হয়েছে।শেয়ারবাজারেও চলছে মন্দা। পাশাপাশি ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছর থেকে নতুন নিয়মে ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং করতে হচ্ছে। এতে ব্যাংকগুলোর মৌল শক্তি বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু সাময়িক মুনাফাও কমবে। আন্তর্জাতিক মানে পৌঁছাতে আপাতত ব্যাংকগুলোকে এ ধাক্কাও পোহাতে হচ্ছে।এসব মিলে ভালো চলছে না ব্যাংকের ব্যবসা। এর প্রভাবে জানুয়ারি-জুলাই সময়ে বেশির ভাগ ব্যাংকেরই পরিচালন মুনাফা কমেছে।এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ঋণের চাহিদা কমে যাওয়ায় ব্যাংকগুলোর ব্যবসা কমেছে। এতে কমেছে মুনাফা।প্রকৃত মুনাফা নয়: বাংলাদেশে ব্যাংক খাতে পরিচালন মুনাফা প্রকাশের ওপর নানা ধরনের বিধিনিষেধ রয়েছে। ফলে ব্যাংকগুলো পরিচালন মুনাফা প্রকাশ করতে পারে না। এই বিধিনিষেধ এসেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) থেকে। এসইসি মূল্য সংবেদনশীল বিবেচনায় এই তথ্য প্রকাশ করতে দিতে চায় না। আর বাংলাদেশ ব্যাংকও তাতে সম্মতি দিয়েছে।অবশ্য শেয়ারবাজারে যাঁরা প্রতিনিয়ত কেনাবেচা করেন এবং যাঁদের হাতে কোনো ব্যাংকের শেয়ার রয়েছে, তাঁরা ব্যক্তি যোগাযোগের মাধ্যমেই এ তথ্য আগেভাগেই পেয়ে থাকেন। সে ক্ষেত্রে সংবাদপত্রে তথ্য প্রকাশ হলে সব বিনিয়োগকারীই একই তথ্য পেতে পারেন। তবে নিট মুনাফাই ব্যাংকের প্রকৃত আয়। বছর শেষে পরিচালন মুনাফা থেকে ঋণের বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ এবং কর (৪২.৫ শতাংশ) বাদ দিয়ে নিট মুনাফার হিসাব হয়। উপরন্তু প্রাথমিকভাবে পাওয়া এই তথ্য-উপাত্ত চূড়ান্ত হিসাবের সময় কিছুটা কমবেশি হতে পারে। কেননা, কোনো কোনো ব্যাংকের জুন হিসাব আপাতত শেষ হলেও এর অনেক ক্ষেত্রে হিসাব চূড়ান্ত করতে আরও কয়েক দিন লেগে যেতে পারে। ফলে এতে মুনাফার অঙ্ক কমে বা বেড়ে যেতে পারে।