আজ নতুন বছরের শুরু। বিদায় নেওয়া ২০১৩ সালে দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালন মুনাফায় কিছুটা ভাটা পড়েছে। তবে কোনো কোনো ব্যাংক ভালো মুনাফা করেছে।
হল-মার্ক, বিসমিল্লাহসহ নানা ধরনের ঋণ জালিয়াতির কারণে ব্যাংকগুলোর ঋণ বিতরণে একধরনের কড়াকড়ি ছিল। তার ওপর দেশের সামগ্রিক বিনিয়োগে মন্দা চলছে। আবার বেসরকারি খাতে বিদেশ থেকে ঋণ আনার বিধান (বায়ার্স ক্রেডিট) ব্যাংকের অর্থ খাটানোর সুযোগকে সীমিত করেছে।
সামগ্রিক আমদানি কমে গেছে। পরিমাণে যতটা কমেছে, তার চেয়ে বেশি কমেছে দামে। ফলে আয় কমেছে ব্যাংকের।
বছরজুড়ে শেয়ারবাজারেও মন্দা থেকেছে। সেই মন্দায় ব্যাংকের বিনিয়োগও আটকে ছিল। মুনাফা আসেনি এ খাতেও। মুদ্রাবাজারে টাকার প্রবাহ প্রায় সারা বছরই বেশি ছিল। ফলে কলমানির সুদের হারে আয় আসেনি তেমন।
ব্যবসা-বাণিজ্যের আরও কতগুলো খাতে সমস্যা হচ্ছে। যেমন: রিয়েল এস্টেট বা আবাসন খাতের বেচাবিক্রি কমে গেছে। বেশকিছু ঋণগ্রহীতা ভিন্ন খাতে বিনিয়োগ ও ব্যবসার জন্য ঋণ নিয়ে এ খাতে বিনিয়োগ করেছিল বড় মুনাফার আসায়। এখন বেচাবিক্রি না হওয়ায় ব্যাংকের টাকাও ফেরত আসছে না। এসব খাত থেকেও আয় যোগ হয়নি এবার।
তবে সরকারের ট্রেজারি বন্ড-বিলসে ভালো আয় হয়েছে ব্যাংকগুলোর। বলা চলে, এটি ব্যাংকগুলোর বড় আয়ের জোগান দিয়েছে। কোনো কোনো ব্যাংক অবশ্য স্থায়ী সম্পদ, বিশেষত জমি বিক্রি করে আয় করেছে বিদায়ী বছরে।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বছরের শেষ সময়ে এসে সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি। ব্যবসায়ীদের দাবিতে বাংলাদেশ ব্যাংক তাদের ইতিপূর্বে গৃহীত কিছু সিদ্ধান্তে সাময়িক ছাড় দিয়েছে, যা ব্যাংকগুলোর জন্য ‘শাপে বর’ হয়েছে। উপরন্তু কোনো কোনো ব্যাংক তাদের কিছু কিছু ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার আশঙ্কায় আগেই নবায়ন দেখিয়েছে বলেও তথ্য মিলছে, যা মুনাফাকে স্ফীত করতে সহায়ক হয়েছে।
পরিচালনগত মুনাফা ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। নিট মুনাফাই ব্যাংকের প্রকৃত আয়। পরিচালনগত মুনাফা থেকে ঋণের বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) এবং কর (৪২ দশমিক ৫ শতাংশ) বাদ দিয়ে নিট মুনাফার পরিমাণ হয়।
এর ওপরও ব্যাংক বিশেষে সাধারণ রিজার্ভ খাতে অর্থ বরাদ্দ রাখা হয়। ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীকে অপেক্ষা করতে হবে প্রকৃত মুনাফার হিসাব পাওয়া পর্যন্ত। আবার অনেক ক্ষেত্রেই নিট মুনাফা হলেও তার সম্পূর্ণ অর্থ লভ্যাংশ আকারে বিতরণ করা হবে না। যার কারণে শেয়ারে বিনিয়োগকারীদের লভ্যাংশ পাওয়ার হিসাব কষতে অপেক্ষা করতে হবে ব্যাংকের এজিএমের আগের পরিচালনা পর্ষদের সভা পর্যন্ত।
উপরন্তু, সংবাদপত্রের মুনাফার তথ্য প্রাপ্তিতে নানা বাধা রয়েছে। ফলে এমনও হতে পারে, কোনো ব্যাংক সূত্র একটি কাছাকাছি অঙ্কের মুনাফার তথ্য দিয়েছে। শতভাগ সঠিক তথ্য না-ও হতে পারে।
ব্যাংকের পরিচালন মুনাফা (কোটি টাকায়)
২০১৩ ২০১২
জনতা ব্যাংক ১৪৮৫ ১৪৭০
অগ্রণী ব্যাংক ১৩০০ ১৩১৫
রূপালী ব্যাংক ৩১০ ৩৬৭
বিডিবিএল ২৪৮ ১০৪
বেসিক ব্যাংক ১৭৮ ২৮৫
ইসলামী ব্যাংক ১৬০০ ১৮৩০
প্রাইম ব্যাংক ৮৫০ ৯৫০
পূবালী ব্যাংক ৮১৫ ৬৫০
ন্যাশনাল ব্যাংক ৬৫০ ৭৭০
সাউথইষ্ট ব্যাংক ৬৮৫ ৫৪৩
সিটি ব্যাংক ৪১০ ৪৫০
এক্সিম ব্যাংক ৫৫৮ ৫৫০
ইউসিবিএল ৭১১ ৫৯০
এনসিসিবিএল ৪০৩ ৪১০
শাহাজালাল ৩০০ ৪৫৬
ব্যাংক এশিয়া ৫৪৮ ৪৪০
ইষ্টার্ণ ব্যাংক ৬১০ ৫৬৫
মার্কেন্টাইল ৪২৫ ৩৬৩
আইএফআইসি ৪০৩ ৩৪৬
আল-আরাফাহ ৪৭০ ৪৬০
স্ট্যান্ডার্ড ব্যাংক ৩৩২ ৩৫৩
দি ট্রাস্ট ব্যাংক ২২৩ ১৯৮
মিউচ্যুয়াল ট্রাস্ট ২১১ ১৩০
এসআইবিএল ৩২৫ ৩৮২
ফার্স্ট সিকিউরিটি ২০১ ১৯৭
ইউনিয়ন* ২৫ -
সাউথ বাংলা* ১৪ -
মধুমতি* ১০ -
মেঘনা* ৬ -
ফারমার্স* ৪ -
এনআরবি কমার্শিয়াল* ১০ -
এনআরবি ব্যাংক লি.* ২ -
সব ব্যাংকের হিসাব পাওয়া যায়নি * নতুন ব্যাংক