ব্যাংকের যে শাখায় নতুন নোট পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সব কার্যালয় ও ঢাকায় তফসিলি ব্যাংকের নির্ধারিত কিছু শাখার মাধ্যমে ১ থেকে ৫০ টাকা মূল্যমানের নতুন নোট ও কয়েন বিতরণ করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। যেসব তফসিলি শাখা থেকে জনসাধারণ নতুন নোট বিনিময় করতে পারবেন সেগুলো হচ্ছে জনতা ব্যাংকের নিউ মার্কেট শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট, প্রাইম ব্যাংকের মৌচাক, ওয়ান ব্যাংকের বাসাবো, ইসলামী ব্যাংকের শ্যামলী, মার্কেন্টাইল ব্যাংকের বনানী, ব্যাংক এশিয়ার ধানমন্ডি এবং ডাচ্-বাংলা ব্যাংকের দক্ষিণখানের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা। এসব শাখায় গত ২ জুলাই থেকে ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নতুন নোট দেওয়া হচ্ছিল। এখন এই তিনটি নোটের পাশাপাশি ১ থেকে ৫০ টাকার নতুন নোট ও কয়েন বিনিময় করা হবে।
বাংলাদেশ ব্যাংক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২২ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ছে বলে জানা গেছে। গত বছর ২০ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হয়েছিল। ওই সব নোটের বেশির ভাগই ছিল পুরোনো নোট নতুন করে ইস্যু করা। এবার মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নোট বেশি ইস্যু করা হচ্ছে।