ব্যাংকের শাখার প্রতিবেশীদের নাম-ঠিকানা থানায় দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী ছড়িয়ে থাকা রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের শাখার আশপাশে যাঁরা থাকেন, তাঁদের নাম-পরিচয় সংগ্রহ করে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কথা বলেছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয় ব্যাংকের শাখার প্রতিবেশীদের সঙ্গে সামাজিক সম্পর্কও তৈরি করতে বলেছে।
সচিবালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত ‘রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর নিরাপত্তা-ব্যবস্থা তথা ভল্টরুমের ব্যবস্থাপনা’ শীর্ষক বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপকুমার দত্ত, জনতা ব্যাংকের এমডি এস এম আমিনুর রহমান, অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদ, রূপালী ব্যাংকের এম ফরিদউদ্দিন, বিডিবিএলের জিল্লুর রহমান, কৃষি ব্যাংকের আবদুস সালাম, বেসিক ব্যাংকের কাজী ফখরুল ইসলাম ও সাধারণ বিমা করপোরেশনের এমডি রেজাউল করিম উপস্থিত ছিলেন।
সচিব বলেন, ব্যাংকের আশপাশে যাঁরা থাকেন বা ব্যবসা-বাণিজ্য করেন, তাঁদের সঙ্গে যোগাযোগ ও সুসম্পর্ক রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, যে ভবনে ব্যাংকের শাখা, সেই ভবনের সঙ্গে লাগোয়া ভবনের বাসিন্দাদের নাম-ঠিকানা সংগ্রহ করে তা স্থানীয় থানায় জমা দেওয়ার জন্য।
বড় ব্যাংক হওয়ায় সোনালী ব্যাংক দুর্বৃত্তদের লক্ষ্য বলে মনে করেন আসলাম আলম। তিনি বলেন, ‘এই ব্যাংকে বেশি টাকা থাকে। কারণ, এই ব্যাংকে অন্য ব্যাংকও টাকা রাখে।’
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের ভল্টের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমলেন্দু মুখার্জিকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান আসলাম আলম।
কেন্দ্রীয় ব্যাংকের একজন নির্বাহী পরিচালক ও সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক থেকে একজন করে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) থাকবেন কমিটির সদস্য। এ কমিটি দুই মাসের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করবে।
ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান সচিব। এগুলো হচ্ছে: ভবনে নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো, ছুটির দিনেও ভবনে তাঁদের দায়িত্ব পালন করা, শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আচমকা ব্যাংকের শাখা পরিদর্শনে যাওয়া, ভবন ভাড়া নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় তলাকে অগ্রাধিকার দেওয়া ইত্যাদি।
ব্যাংকের এমডিরা কী বলেছেন জানতে চাইলে আসলাম আলম বলেন, তাঁরা বলেছেন, নিজস্ব ভবন থাকলে তাঁদের জন্য ভালো হয়। নিরাপত্তাকর্মীও (গার্ড) নিজস্ব থাকা দরকার।
সচিব বলেন, ‘নিজস্ব ভবন সময়সাপেক্ষ ব্যাপার। বরং যেসব ভবন ব্যাংক ও বিমা কোম্পানিকে ভাড়া দেওয়ার জন্যই তৈরি করা হয়, ভাড়া নেওয়ার ক্ষেত্রে সেগুলোকে বিবেচনায় নেওয়া যেতে পারে।’
পঞ্চাশ ও ষাটের দশকে তৈরি হওয়া ভবনে ব্যাংকের শাখা স্থাপনের জন্য আগে যে ভাড়া নেওয়া হয়েছিল, সেগুলোই তুলনামূলক ঝুঁকিপূর্ণ বলে মনে করেন আসলাম আলম। তিনি বলেন, ‘নতুনগুলোতে কোনো সমস্যা হচ্ছে না। বৈঠকে সবাই পরামর্শ দিয়েছেন, ভবন ভাড়া নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় তলা তুলনামূলক নিরাপদ।’
নিজস্ব নিরাপত্তাকর্মী, আনসার ও বেসরকারি সিকিউরিটি কোম্পানির কাছ থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করা—এই তিন ধরনের নিরাপত্তাকর্মীর কথা উল্লেখ করে সচিব বলেন, ‘নিজস্ব সশস্ত্র নিরাপত্তাকর্মীদের ব্যাপারে কেউ কেউ আপত্তি তুলেছেন। বলেছেন, নিজস্ব থাকলেই বরং সমস্যা বেশি হবে। এতে দুর্ঘটনা বরং বাড়তে পারে।’
সচিব বলেন, নিরাপত্তাকর্মীদের বিষয়ে আশু পদক্ষেপ নিয়ে দেখতে হবে যে, তাঁরা দায়িত্ব পালন করছেন কি না। নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়াতে হবে ঠিক, তবে বাড়ালেই হবে না, পালাক্রমে ছুটির দিনেও তাঁদের দায়িত্ব পালন করতে হবে।
সচিব বলেন, ‘সোনালী ব্যাংক নতুন নতুন ঝুঁকিতে পড়ছে। আর আমরা ঘটনার পর ব্যবস্থা নিচ্ছি। আমি আগেই বলেছি, ঝুঁকি ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে। সে কারণেই এসব ঘটনা ঘটছে।’ ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা নিচের দিকে কাজ করছে না বলেও মনে করেন তিনি।
শাখার আশপাশে থাকা সাধারণ মানুষের নাম-ঠিকানা ব্যাংক কেন থানায় জমা দেবে—ব্যাখ্যা জানতে চাইলে আসলাম আলম বলেন, ‘কে ভালো, কে মন্দ আমরা তো জানি না। আর এতে ভালো মানুষদের কোনো সমস্যা হওয়ার কারণ নেই।’
দায়িত্বে অবহেলার জন্য রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম), উপমহাব্যবস্থাপক (ডিজিএম)ও বগুড়ার আদমদীঘি শাখার ব্যবস্থাপককে সাময়িক বরখাস্তের জন্য সোনালী ব্যাংকের এমডিকে গত রোববার নির্দেশ দিয়েছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সোনালী ব্যাংক তা আমলে নিয়েছে কি না জানতে চাইলে সচিব বলেন, ‘প্রক্রিয়া চলছে।’
এদিকে, আদমদীঘির ঘটনা তদন্তে সোনালী ব্যাংক যে তদন্ত কমিটি গঠন করেছিল, গত রোববারই তা বাতিল করা হয়েছে। তবে ব্যাংকের প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমানকে প্রধান করে তিন সদস্যের নতুন তদন্ত কমিটি করা হয়েছে বলে প্রথম আলোকে জানান সোনালী ব্যাংকের এমডি প্রদীপকুমার দত্ত।
দুজন বরখাস্ত: প্রদীপ কুমার দত্ত গত রাতে প্রথম আলোকে জানান, আদমদীঘি শাখার ব্যবস্থাপক শামসুদ্দীন শরীফ ও ক্যাশিয়ার আজহার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরও দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিষয়ে আজ (মঙ্গলবার) সিদ্ধান্ত হবে।