ব্যাংকের শুল্ক নিয়ে সরব সরকারি দলের সাংসদেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট প্রস্তাব নিয়ে দলের সদস্যদের সমালোচনার মুখে পড়েছেন অর্থমন্ত্রী এ এম এ মুহিত। জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা ব্যাংক হিসাবে আবগারি শুল্ক না বাড়াতে আবারও দাবি তুলেছেন। কোনো কোনো সাংসদ ১৫ শতাংশ করারোপের প্রস্তাব পুনর্বিবেচনার কথাও বলেছেন।

গতকাল বুধবার ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় একজন মন্ত্রী ও কয়েকজন সাংসদ এসব দাবি তোলেন। এ ছাড়া বাজেট নিয়ে সংসদের বাইরে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যেরও সমালোচনা করেছেন বেশির ভাগ সাংসদ। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়।

এর আগে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়েও অনেক সাংসদ ব্যাংক হিসাবে আবগারি শুল্ক না বাড়ানোর দাবি করেছিলেন।

গতকাল আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, সঞ্চয়ের ওপর কর আরোপ করা ঠিক হবে না। তিনি নিম্ন আয়ের মানুষকে অব্যাহতি দিয়ে ধনাঢ্যদের ওপর করারোপ করার পরামর্শ দেন। তিনি সঞ্চয়পত্রের ওপর থেকে সুদ না কমানোরও দাবি করেন।

বাজেট নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতিক্রিয়ার জবাবে মোজাম্মেল হক বলেন, দেশের উন্নয়নের খবর রাখেন না বলেই খালেদা জিয়া ইচ্ছামতো কথা বলছেন।

কথায় কথায় উত্তেজিত না হয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মূল্য সংযোজন করের বিষয়ে বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান সরকারদলীয় সাংসদ আলী আশরাফ। তিনি অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, বাস্তবায়ন প্রয়াস না থাকলে এটা অর্থহীন। ব্যাংক হিসাবে বাড়তি শুল্ক বাড়ানোর প্রস্তাবেরও সমালোচনা করেন তিনি।

আলী আশরাফ অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, কথায় কথায় এক্সাইটেড না হয়ে ভ্যাটের বিষয়ে বাস্তবমুখী সিদ্ধান্ত নেন। এফবিসিসিআইয়ের সঙ্গে কথা বলেছেন। আরও কথা বলে এটাকে স্বচ্ছ করুন। বাস্তবায়ন প্রয়াস না থাকলে এটা অর্থহীন। আমানতের ওপরে ট্যাক্স দিলেন। মানুষের ওপর বিভ্রান্তি ও আতঙ্ক যে ছড়িয়ে দিলেন। ব্যাংকে টাকা রাখলে নাকি বিনিয়োগ হয় না। কোন তত্ত্বে এসব কথা বলেন?

সরকারি দলের টিপু মুন্সী বলেন, অনেকে বলছেন ১৫ শতাংশ কর সহনীয় নয়। সব খাতে ১৫ শতাংশ কর আরোপ না করে খাতওয়ারি ভ্যাট হার নির্ধারণ করা যেতে পারে। পোশাক খাতের উৎসে কর বিবেচনা করা দরকার। এটি বাড়লে এই শিল্পের ওপর চাপ বাড়বে। তিনি বলেন, তামাক, বিড়ি এগুলো বন্ধ হয়ে যাক। কিন্তু বিড়ি বন্ধ করে যেন সিগারেট কোম্পানিগুলোকে সুবিধা না দেওয়া হয়।

সরকারি দলের দীপু মনি ইংলিশ মিডিয়াম স্কুলকে ভ্যাটের আওতার বাইরে রাখার দাবি জানান। তিনি ইংরেজি মাধ্যম স্কুলে কর অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে বলেন, আগে ধারণা করা হতো ধনীর ছেলেরা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে, এটি ঠিক নয়। ইংরেজি মাধ্যমে এখন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরাও পড়ালেখা করে।

 দীপু মনি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে বলেন, ড. ইউনূসের বিষয়ে হিলারি ক্লিনটন কী ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, সে বিষয়ে তাঁদের সিনেট কমিটি তদন্ত করছে। পশ্চিমা বিশ্ব কিছু কিছু দেশে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য লোক খুঁজে বেড়ায়। সেই তল্পিবাহক হওয়ার জন্য বাংলাদেশে কিছু মানুষ বসে থাকেন। এঁদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

 আওয়ামী লীগের আবু সাইদ আল মাহমুদ বলেন, আবগারি শুল্ক নিয়ে তুঘলকি কাণ্ড চলছে। সারা দেশে আলোচনা চলছে। এটা আগে যা ছিল তাই রাখলে ভালো হয়। মানুষের সঙ্গে আমাদের দূরত্ব বাড়বে। তিনি বলেন, হলি আর্টিজানের জঙ্গি হামলার পর পোশাকশিল্প একটি ধাক্কায় পড়েছে। তিনি এই শিল্পে উৎসে কর ১ শতাংশ না করার দাবি জানান। তিনি প্রস্তাব করেন, করদাতারা যে কর দেন, করদাতার বয়স ৬০ বছর হওয়ার পর ওই করের ১০ শতাংশ তাঁকে পেনশন হিসেবে দেওয়া যেতে পারে। এতে করদাতারাও উৎসাহিত হবেন।

সরকারদলীয় সদস্য আনোয়ারুল আবেদীন বলেন, ব্যাংক আমানতে আবগারি শুল্কে ছাড় দিলে ভালো হয়। সামান্য লাভের জন্য মানুষকে ব্যাংকবিমুখ করা ঠিক হবে না। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিমা বেগম ব্যাংক হিসাবে বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহার এবং সঞ্চয়পত্রে সুদের হার না কমানোর দাবি জানান।

অন্যদের মধ্যে সরকারদলীয় সাংসদ আরিফ খান, জাতীয় পার্টির মাঈদুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফাতেমা জোহরা প্রমুখ বাজেট আলোচনায় অংশ নেন।