ব্যাংকের শেয়ারের মূল্যবৃদ্ধি সূচকে বড় প্রভাব ফেলল
ব্যাংকিং কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির আধিপত্যে গতকাল মঙ্গলবার দেশের শেয়ারবাজারের মূল্যসূচকের উত্থান ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এদিন ২ দশমিক ৫৫ শতাংশ বা ১১৭ পয়েন্ট বেড়েছে। বাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা তথ্য বলছে, ২ দশমিক ৫৫ শতাংশের মধ্যে ব্যাংকিং খাতের জন্যই সূচক বেড়েছে ১ দশমিক ৩১ শতাংশ বা অর্ধেকের বেশি। আর ডিএসইর মোট লেনদেনের প্রায় ২০ শতাংশই ছিল ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর। ব্যাংকিং খাতের শেয়ারের মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ ছিল ব্যাংক কোম্পানি আইনের সংশোধনীবিষয়ক একটি খবর। গতকাল একটি দৈনিক পত্রিকায় এ-সংক্রান্ত খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ২০১২-তে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগসীমা ব্যাংকের পরিশোধিত মূলধনের ৪০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বাংলাদেশ ব্যাংক এ সীমা পরিশোধিত মূলধনের ২৫ শতাংশে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করেছিল। কসমোপলিটন ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল একক কোম্পানি হিসেবে সর্বাধিক সূচক বেড়েছে জ্বালানি খাতের সরকারি নিয়ন্ত্রণাধীন কোম্পানি তিতাস গ্যাসের প্রায় সাড়ে ৬ শতাংশ হারে মূল্যবৃদ্ধিতে। এর ফলে সূচক বেড়েছে প্রায় শূন্য দশমিক ২৭ শতাংশ। প্রতিবেদন থেকে জানা যায়, ব্যাংকিং খাতের তালিকাভুক্ত ৩০টি কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৫৩ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২০ শতাংশ। এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯৮০ কোটি টাকা।ব্যাংকিং খাতের পর সূচক বাড়ার পেছনে বড় ভূমিকা ছিল বিদ্যুৎ-জ্বালানি খাতের কোম্পানিগুলোর। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দর এদিন প্রায় ৩ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে শূন্য দশমিক ৪৭ শতাংশ। এদিকে দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৭০৬ পয়েন্টে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২ শতাংশ বা ২৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৯০ পয়েন্টে।