দেশের তফসিলি ব্যাংকগুলোর সব শাখায় ‘অটো অ্যালার্ম সিস্টেম’ বা ‘স্বয়ংক্রিয় বিপৎসংকেত পদ্ধতি’ চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এই বিপৎসংকেত যন্ত্রের সঙ্গে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখার কাছাকাছি থানা ও র্যাব কার্যালয়সহ গুরুত্বপূর্ণ ১০টি নম্বরের (হটলাইন) সংযোগও স্থাপন করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ ছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে এবং রাতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আকস্মিকভাবে ব্যাংকের শাখা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গতকাল রোববার এসব নির্দেশনা জারি করা হয়েছে। ব্যাংকগুলোর পরিপালনের জন্য নিরাপত্তা নির্দেশনাসংবলিত একটি নীতিমালাও ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নীতিমালা ও নির্দেশনা গতকালই সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, তফসিলি ব্যাংকের শাখার নিরাপত্তা নিশ্চিত করতে কাঠামোগত, প্রযুক্তিগত, বিমা নিরাপত্তাসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ ব্যাংক বলেছে, রাষ্ট্রমালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংককে তাদের ভল্টে রাখা টাকার বিপরীতে ঝুঁকি মোকাবিলায় আলাদা তহবিল গঠন করতে হবে। আর বেসরকারি ব্যাংকগুলোকে ভল্টের টাকার বিপরীতে পূর্ণ বিমা নিশ্চিত করতে হবে। ব্যাংকের ভল্টে যেন সীমার অতিরিক্ত টাকা রাখা না হয় সে বিষয়েও ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংকের শাখা ভবনের মেঝে ও ছাদসহ ভল্টের চারপাশের দেয়ালের অবকাঠামোগত নিরাপত্তার বিষয়টি পুরপ্রকৌশলের মাধ্যমে নিশ্চিত রাখা ও ভল্টে সার্বক্ষণিক নিরাপত্তা সংকেতের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে ব্যাংকগুলোর শাখাপর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক একাধিকবার বিভিন্ন ধরনের নির্দেশনা জারি করেছে। সেসব নির্দেশনাকে সংযোজন, বিয়োজন ও সংশোধন করে গতকাল সমন্বিত নীতিমালা আকারে প্রকাশ করা হয়েছে।
নীতিমালায় ব্যাংকের নিরাপত্তার জন্য অধিকসংখ্যক সশস্ত্র নিরাপত্তাপ্রহরী নিয়োগের কথা বলা হয়েছে। পাশাপাশি এসব নিরাপত্তাপ্রহরীর অস্ত্রচালনার ওপর পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়ারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর বাইরে ব্যাংক শাখার চারপাশে বসবাসকারী বাসিন্দা ও অবস্থানকারীদের তথ্য সংগ্রহ করে তা সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ ও তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেও বলা হয়েছে। সেই সঙ্গে ব্যাংকের শাখার ভেতরে-বাইরে ও আইটি রুমে, প্রয়োজনীয়সংখ্যক সিসিটিভি/ আইপি/ স্পাই ক্যামেরা বসিয়ে তা ব্যাংকের কেন্দ্রীয় তথ্যভান্ডার বা ইনফরমেশন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করারও নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া পর্যায়ক্রমে সব শাখায় অ্যান্টিথেফট অ্যালার্ম বা চুরিপ্রতিরোধক সংকেত স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় ব্যাংক ডাকাতিসহ আলোচিত বিভিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরপরই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোর করণীয় সম্পর্কে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।