ব্যাংকের সিসিটিভিতে ধারণকৃত ফুটেজ অন্তত এক বছর রাখতে হবে
ব্যাংকের শাখা ও এটিএম বুথে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ করা সব ফুটেজ কমপক্ষে এক বছর সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কোনো বিষয়ে অভিযোগ উঠলে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই ফুটেজ সংরক্ষণ করতে হবে।ব্যাংকের সঙ্গে গ্রাহকের বিরোধ নিরসনে সহায়তার অংশ হিসেবে এ নির্দেশ দেওয়া হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তা ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।নির্দেশে বলা হয়েছে, গ্রাহকসেবার মানোন্নয়ন ও লেনদেনের নিরাপত্তা বিধানের লক্ষ্যে ব্যাংকগুলো তাদের শাখায় এবং এটিএম বুথে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে। গ্রাহকের সঙ্গে ব্যাংকের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বা বিরোধ নিরসনে সিসিটিভিতে ধারণ করা এসব ভিডিও ফুটেজ বিশেষভাবে সহায়ক হয়।তবে লক্ষ করা যাচ্ছে, ব্যাংকগুলো নিজেদের সুবিধামতো খুবই স্বল্প মেয়াদে ফুটেজগুলো সংরক্ষণ করছে। এতে করে প্রয়োজনীয় ক্ষেত্রে গ্রাহক তার অভিযোগের সুষ্ঠু প্রতিকার পাচ্ছেন না। এ পরিপ্রেক্ষিতে ব্যাংকের শাখা এবং এটিএম বুথে স্থাপিত সব সিসিটিভি ভিডিও ফুটেজ ধারণের সময় থেকে ন্যূনতম এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। আর কোনো বিষয়ে অভিযোগ উত্থাপিত হলে সে ক্ষেত্রে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।