ব্যাংকের সুদহার ও সেবা মাশুল কমানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ল্ড বিজনেস ইনস্টিটিউট অস্ট্রেলিয়ার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী দ্বিতীয় বার্ষিক এশিয়ান বিজনেস রিসার্চ কনফারেন্স গত শনিবার ঢাকায় শেষ হয়েছে। সমাপনী দিনের বিভিন্ন কর্ম-অধিবেশনে দেশের ব্যাংকিং খাতে গতি আনতে সুদের হার ও সেবা মাশুল কমানোর সুপারিশ করা হয়।দুই দিনের এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ৪২ জন গবেষক মোট ৩৩টি প্রবন্ধ উপস্থাপন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।সম্মেলনে একটি ডক্টরাল সিম্পোজিয়ামেরও আয়োজন করা হয়। এতে মূল বক্তা ছিলেন অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়াউল হক। সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ মাহবুব আলী।শনিবার উপস্থাপিত প্রবন্ধগুলোর মধ্যে ব্যাংকিং খাত, বিমা, মোবাইল ফোন কোম্পানি, মানবসম্পদ উন্নয়ন, করপোরেট গভর্ন্যান্স ও ঢাকা শহরকে বায়ুদূষণ থেকে মুক্ত করার ওপর প্রবন্ধ পাঠ করা হয়। প্রবন্ধকারেরা অভিমত ব্যক্ত করেন যে দীর্ঘদিনের দুর্নীতি এবং একতরফাভাবে মালিকদের সুবিধা ভোগ করার প্রবণতা দেশের ব্যাংক খাতের উন্নয়ন বাধাগ্রস্ত করেছে। ই-ব্যাংকিং চালুর প্রয়াসকে স্বাগত জানিয়ে তাঁরা ই-গভর্ন্যান্স চালুর ওপর গুরুত্বারোপ করেন।সমাপনী দিনে ‘করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি অব ইন্স্যুরেন্স কোম্পানিজ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ জামাল উদ্দীন। অন্য প্রবন্ধকারেরা হলেন আসিফ সিদ্দিকী, জহুরুল আলম, আবু ইউসুফ সরকার, জেসমিন আরা বেগম, জান্নাতুল মাওয়া নূপুর, ইফতেখারুল আমিন প্রমুখ।সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধগুলোর মধ্যে দুটি প্রবন্ধ শ্রেষ্ঠ প্রবন্ধের পুরস্কার লাভ করে। একটি যৌথভাবে রচনা করেন মুহাম্মদ মাহবুব আলী ও আনিসুল এম ইসলাম। অপরটির রচয়িতা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার আহসানুল হক।