বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নবনির্বাচিত পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রথমেই ব্যাংকঋণের সুদের হার কমানোর বিষয়টি সামনে এল।সদ্য বিদায়ী সভাপতি এ কে আজাদ নতুন পর্ষদের উদ্দেশে অনুরোধ করে বলেন, ‘আপনারা আগামী ছয় মাসের মধ্যে ব্যাংকঋণের সুদের হার এক অঙ্কের ঘরে রাখার ব্যবস্থা করেন।’অবশ্য নির্বাচনের আগে বিভিন্ন সভা-সেমিনারে ব্যাংকঋণের সুদের হার কমাতে ব্যবসায়ীদের নানা আশ্বাস দিলেও গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে কিছুটা ব্যাংকের পক্ষে অবস্থান নিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নবনির্বাচিত সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বেশির ভাগ ব্যাংকই আগের বছরের তুলনায় কম মুনাফা করেছে। অনেক ব্যাংক লোকসানও দিয়েছে। ব্যাংকও তো ব্যবসা। তার স্বার্থও দেখতে হবে।’রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাজী আকরাম উদ্দিন আহ্মদ এসব কথা বলেন।নতুন সভাপতি বলেন, ‘আপনারা ব্যাংকঋণের উচ্চ সুদের কথা বলেন। বাংলাদেশ ব্যাংক নতুন যে নিয়ম করেছে, তাতে তিন মাসের মধ্যে ঋণ পরিশোধ করতে না পারলে তা শ্রেণীকৃত করতে হয়। ব্যাংকগুলোকে ঋণের নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশনিং) রাখতে হয়। এত কিছু করে কীভাবে শেয়ারধারীদের লভ্যাংশ দেবে সেটাও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’কাজী আকরাম বলেন, ‘কেউ ১০ হাজার টাকা কোনো ব্যাংকে রাখতে গেলে শুনে যে আরেক ব্যাংক ১০ শতাংশ সুদ দিচ্ছে। সেখানে টাকা রাখতে গেলে শুনে আরেক ব্যাংক ১৪ শতাংশ দিচ্ছে। আপনাদের টাকা রাখার জন্য যদি আমাদের ১৪ শতাংশ সুদ দিতে হয়, তাহলে আমাদেরও তো আপনাদের কাছ থেকে বেশি নিতে হবে।’অবশ্য নতুন সভাপতি সুদের হার কমাতে উদ্যোগ নেবেন বলেও আশ্বস্ত করেন। তিনি বলেন, ‘আমার ব্যাংকে আমি লাভ করব না। কিন্তু অন্য ব্যাংকের সিদ্ধান্ত আমি নিতে পারব না। এ জন্য আমরা পর্ষদের সভা থেকে প্রস্তাব পাস করে অর্থমন্ত্রী ও ব্যাংকগুলোর সঙ্গে আলোচনায় বসব, সমস্যার সুরাহা করব।’অনুষ্ঠানে অবকাঠামো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিদায়ী সভাপতি এ কে আজাদ। তিনি বলেন, ‘গ্যাসসংযোগের বিষয়ে আমরা অসহায়। চার বছর ধরে কলকারখানায় গ্যাস দেওয়া হচ্ছে না। আমরা মেশিন কিনে বসে আছি, কিন্তু গ্যাসের অভাবে চালাতে পারছি না। কলকারখানায় গ্যাসসংযোগ দিতে প্রধানমন্ত্রীর কাছে অন্তত ২০ বার অনুরোধ করেছি।’অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী প্রথম সহসভাপতি মো. জসিম উদ্দিন ও সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। ওই অনুষ্ঠানে নবনির্বাচিত প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী এবং সহসভাপতি মো. হেলাল উদ্দিন ও পরিচালকদেরও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।এজিএম অনুষ্ঠিত: এর আগে সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে এফবিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০১১-১২ অনুষ্ঠিত হয়েছে। এ কে আজাদের সভাপতিত্বে সভায় মো. জসিম উদ্দিন, মোস্তফা আজাদ চৌধুরী ও পরিচালকেরা উপস্থিত ছিলেন।এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আলী আশরাফ এফবিসিসিআইয়ের নির্বাচনের ফলাফল ও নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।সভায় এফবিসিসিআইয়ের বার্ষিক প্রতিবেদন এবং ২০১১-১২ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।