ব্যাংকের স্থগিত ও আরোপিত সুদ আয় খাতে না নিতে সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরূপ মানে শ্রেণীকৃত ঋণ পুনঃ তফসিলের মাধ্যমে নিয়মিত করার পর্যায়ে স্থগিত করতে ও অনাদায়ি সুদ আয় খাতে না নিতে ব্যাংকগুলোকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে আদায় করা প্রকৃত অংশই কেবল আয় খাতে নেওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে গতকাল রোববার ব্যাংকগুলোর কাছে একটি নির্দেশনা পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ২০১২ সালের এ-সংক্রান্ত নির্দেশনা লঙ্ঘন হওয়ার কিছু ঘটনা জানার পর গতকাল ব্যাংকগুলোকে সতর্ক করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি কোনো কোনো ব্যাংক শাখায় বিরূপ শ্রেণীবিন্যাসিত ঋণ পুনঃ তফসিলি করার পর্যায়ে স্থগিত এবং আরোপিত অনাদায়ি সুদ আয় খাতে নেওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এই প্রবণতা বাংলাদেশ ব্যাংকের ২০১২ সালের সেপ্টেম্বরে দেওয়া দুটি নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এ বিষয়ে পুনরায় স্মরণ করানো যাচ্ছে, বিরূপ মানে শ্রেণীবিন্যাসিত ঋণ হিসাব পুনঃ তফসিলীকরণের মাধ্যমে বিশ্রেণীবিন্যাসিত করার পর্যায়ে স্থগিত সুদ হিসাবে রক্ষিত ও আরোপিত অনাদায়ি সুদ আয় খাতে নেওয়া যাবে না। এ ক্ষেত্রে সুদের প্রকৃত আদায়কৃত অংশই কেবল আয় খাতে হিসাব করা যাবে।
জানা গেছে, সাম্প্রতিক সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি পুষিয়ে নিতে আগামী ৩০ জুন পর্যন্ত সব খাতের প্রকৃত ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতার ঋণ পুনঃ তফসিলে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে এককালীন জমা বা ডাউন পেমেন্ট গ্রহণ ও মেয়াদকাল ঠিক করার বিষয়টি ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিবেচনা করতে বলা হয়েছে।
এই নির্দেশনার পর অনেক ব্যাংক পুনঃ তফসিল করা পুরো ঋণের বিপরীতের সুদ আয় খাতে নিয়েছে। কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠার পর গতকাল নতুন নির্দেশনা দেওয়া হয়।