ব্যাংকের স্থায়ী সম্পদ হতে হবে পরিশোধিত মূলধনের ৩০ ভাগ
ব্যাংকগুলোর স্থায়ী বা স্থাবর সম্পদের পরিমাণ তাদের পরিশোধিত মূলধনের ৩০ শতাংশের বেশি হতে পারবে না। বাংলাদেশ ব্যাংক এক নির্দেশে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গতকাল সোমবার এ-সংক্রান্ত নির্দেশ দেশের সব তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।বাংলাদেশ ব্যাংক সূত্রগুলো বলছে, কিছু ব্যাংক বিভিন্ন এলাকায় জমি ও ফ্ল্যাট কেনার পর বছর বছর তার মূল্য পুনর্মূল্যায়ন করে বড় ধরনের মূলধনি আয় দেখাচ্ছে। এমন বেশ কয়েকটি উদাহরণ পাওয়া গেছে যে কোনো কোনো ব্যাংক এসব সম্পদের পুনর্মূল্যায়নে ২০০ ভাগ পর্যন্ত মূল্যবৃদ্ধি দেখাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে ব্যাংকের ব্যবসা এমন খাতে হতে পারে না বা ব্যাংকগুলো এমন আয় করার চেষ্টার মধ্যে যেতে পারে না।উপরন্তু, ভূমি ও ফ্ল্যাট নিজেদের জন্য কিনতে ব্যাংকের নগদ অর্থপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় আবাসন খাতে উচ্চমূল্য পরিস্থিতি তৈরি হচ্ছে।এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যাংকের পরিশোধিত মূলধনের সঙ্গে যুক্ত করে স্থায়ী সম্পদ বা স্থাবর সম্পত্তি কেনার ওপর সীমা আরোপ করেছে বলে জানা গেছে।নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বলেছে, ইতিমধ্যে যেসব ব্যাংকের স্থাবর বা স্থায়ী সম্পদের মোট পরিমাণ (বুক ভ্যালু) ব্যাংকের পরিশোধিত মূলধনের ৩০ শতাংশের অধিক রয়েছে, সেসব ব্যাংক আনুপাতিক হারে তার পরিশোধিত মূলধন বৃদ্ধি করবে। এর আগ পর্যন্ত নতুন করে কোনো স্থাবর বা স্থায়ী সম্পদ ক্রয় করতে পারবে না ওই ব্যাংক।এর আগে ২০১২ সালের ৩০ জুলাই কেন্দ্রীয় ব্যাংক তফসিলি ব্যাংকগুলোর স্থাবর সম্পদ কেনার ওপর বিধিনিষেধ আরোপ করে। সে সময় বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর প্রধান কার্যালয়ের ব্যবহারের জন্য ছাড়া অন্য কোনো প্রয়োজনে জমি, ভবন বা ফ্লোর স্পেস ক্রয় কিংবা ১০ বছর ও এর বেশি সময়ের জন্য ইজারা নেওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করে। তবে পৌরসভা এলাকার শাখার জন্য ফ্লোর স্পেস ক্রয় বা ইজারা নেওয়া যাবে।এরও আগে ২০১০ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক এক নির্দেশে ব্যাংকগুলোকে জমি ও অন্যান্য স্থায়ী সম্পদ ক্রয়-বিক্রয় বিষয়ে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারা স্মরণ করিয়ে দেয়। কেন্দ্রীয় ব্যাংক নির্দেশে উল্লেখ করে, কোনো কোনো ব্যাংক যুক্তিসংগত কারণ বা প্রয়োজন ছাড়াই জমি ও অন্যান্য স্থায়ী সম্পদ কেনাবেচা করছে, যা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৭ ধারায় বর্ণিত ব্যাংকের কার্যাবলির অন্তর্ভুক্ত নয়। সে সময় বাংলাদেশ ব্যাংক এ জাতীয় যেকোনো সম্পদ কেনাবেচার আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতেও ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়।