ব্যাংকের স্বার্থ রক্ষা করেই বিদ্যুৎ খাতে ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, সরকারের অগ্রাধিকার খাতের অন্যতম হচ্ছে বিদ্যুৎ। এ খাতকে সহযোগিতা করতে বাংলাদেশ ব্যাংক রাজি। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান হচ্ছে, ব্যাংক খাতের স্বার্থ আগে রক্ষা করা এবং ব্যাংক খাত যাতে কোনো অসুবিধায় না পড়ে, সে বিষয়টি ভালোভাবে দেখা।

বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) সদস্যদের জন্য বৈদেশিক মুদ্রানীতি ও বিনিয়োগবিষয়ক বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন।

ইআরএফের সভাপতি সাইফ ইসলাম এতে বিশেষ অতিথি ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সুলতান আহাম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান। আর সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

গভর্নর ফজলে কবির বলেন, ‘বড় প্রকল্পের অর্থায়নে আমরা চাইব সিন্ডিকেটেড লোন। এটা ভালো সমাধান। একক গ্রাহক ঋণসীমা অতিক্রম করে বড় প্রকল্পে ঋণ দেওয়ায় আইনি বাধা আছে। তবে কয়েকটি ব্যাংক মিলে ঋণ দিলে সে সমস্যা থাকবে না।’

ফজলে কবির আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সাইবার হ্যাকিংয়ের ঘটনায় গণমাধ্যম ইতিবাচক ভূমিকা পালন করেছে। রিজার্ভ চুরির পরপরই কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছিল, এটা সত্যি। কিন্তু এখন পরিস্থিতি অনেক ভালো। যে কেউ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করতে পারছেন।

অর্থনৈতিক রিপোর্টারদের আরও অনুসন্ধানী ও দায়িত্বশীল কাজ করার পরামর্শ দিয়ে গভর্নর বলেন, অনেক সময় প্রতিযোগিতা করতে গিয়ে ভুল তথ্য প্রকাশিত হয়ে যায়। তবে সময়-সময় মনে রাখা উচিত সবার আগে ঠিক সংবাদ দেওয়াটা জরুরি। কোনো সত্য যেন চাপা না পড়ে, খেয়াল রাখতে হবে সেদিকেও।

বিকেলে প্যানেল আলোচনায় নির্বাহী পরিচালক আহমেদ জামাল ব্যাংকিং চ্যানেল ব্যবহারে অর্থ পাচার করা অনেক কঠিন বলে মন্তব্য করেন। বলেন, পণ্য আমদানি-রপ্তানিতে ওভার ইনভয়েস ও আন্ডার ইনভয়েসের কথা প্রায়ই শোনা যায়। এটা একটা জটিল প্রক্রিয়া। তবে এ পর্যন্ত রপ্তানিমূল্য অপ্রত্যাবাসিত রয়েছে এমন অর্থের পরিমাণ ৩০ থেকে ৩২ কোটি মার্কিন ডলার। অর্থাৎ ডলারপ্রতি ৮০ টাকা হিসাবে প্রায় আড়াই হাজার কোটি টাকার রপ্তানিমূল্য দেশে আসেনি। এসব অর্থ ফিরিয়ে আনতে মামলা চলমান রয়েছে।

এদিকে বেসরকারি বিদ্যুৎ প্রকল্পে বড় অঙ্কের ঋণ-সুবিধা দিতে আবারও ব্যাংক কোম্পানি আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি কমিটি করে দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নীতিমালা সংশোধনের প্রয়োজনীয়তা যাচাই করে কমিটি শিগগির একটি প্রতিবেদন তৈরি করবে বলে জানা গেছে।