ব্যাখ্যা চেয়েছে বিএসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন ছাড়া কমোডিটি এক্সচেঞ্জ চালুর বিষয়ে ব্যাখ্যা চেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের পক্ষ থেকে ব্যাখ্যা চেয়ে গতকাল বৃহস্পতিবার চিঠি পাঠানো হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে এই চিঠি জমা দিতে বলা হয়েছে।
দেশবন্ধু গ্রুপ সম্প্রতি বাংলাদেশ জুট অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ চালুর উদ্যোগ নিয়েছে। এ জন্য পত্রিকায় বিজ্ঞাপনও প্রকাশ করা হয়েছে। দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে তারা চুক্তিও করেছে।
রাজধানীর দিলকুশায় বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) ভবনে কমোডিটি এক্সচেঞ্জের কার্যালয় স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে চালু করা হয়েছে ওয়েবসাইট।
উদ্যোক্তাদের দাবি, এটি একটি পাইলট বা পরীক্ষামূলক প্রকল্প। শুধু অনলাইনে পাট কেনাবেচার জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, কমোডিটি এক্সচেঞ্জের ওপর বাংলাদেশে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হলে তার জন্য বিএসইসির কাছ থেকে নিবন্ধন সনদ নেওয়া আবশ্যক।
বিদ্যমান আইন অনুযায়ী, কোনো স্টক ব্রোকার, সাব ব্রোকার, শেয়ার হস্তান্তরকারী প্রতিনিধি, ইস্যু ব্যাংকার, মার্চেন্ট ব্যাংকার, ইস্যু নিবন্ধক, ইস্যু ব্যবস্থাপক, সিকিউরিটি মার্কেটের সঙ্গে সম্পৃক্ত হতে পারে এমন কেউই কমিশনের নিবন্ধন ছাড়া কোনো সিকিউরিটি ক্রয়-বিক্রয় করতে পারবে না বলেও চিঠিতে জানানো হয়।
এই অবস্থায় কমোডিটি এক্সচেঞ্জ চালুর উদ্যোগের দালিলিক কাগজপত্র কমিশনে জমা দিতে বলা হয়েছে। এর আগে বিএসইসি কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোক্তাদের কাছে এ বিষয়ে মৌখিকভাবে জানতে চায়।
দেশবন্ধু গ্রুপের প্রধান বিনিয়োগ কর্মকর্তা (সিআইও) রহমান হাবিব জানান, তাঁরা কমিশনের কাছ থেকে চিঠি পেয়েছেন।