ব্যান্ডউইটথের দাম কমাতে ভারতের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় যে ব্যান্ডউইটথ এখন রপ্তানি হয়, সেটির মূল্য কমাতে বাংলাদেশকে অনুরোধ করেছে আমদানিকারক প্রতিষ্ঠান ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)। এ বিষয়ে উদ্যোগ নিতে রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেডকে (বিএসসিসিএল) সম্প্রতি চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে বিএসসিসিএল বলছে, ভারত যদি ব্যান্ডউইটথ আমদানির পরিমাণ বাড়ায়, তাহলে রপ্তানি মূল্য কমানো সম্ভব।

বর্তমানে বিএসএনএলকে ১০ জিবিপিএস (গিগা বিট প্রতি সেকেন্ড) ব্যান্ডউইটথ রপ্তানি করছে বিএসসিসিএল। এ জন্য বিএসসিসিএল জিবিপিএসপ্রতি ১০ হাজার মার্কিন ডলার পায়। এই দাম ৯ হাজার ডলার বা তারও কম নির্ধারণের দাবি করেছে ভারতের সরকারি টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বিএসএনএল।

২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় ব্যান্ডউইটথ রপ্তানিতে দুই দেশের চুক্তি হয়। এরপর গত বছরের ফেব্রুয়ারি থেকে আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যান্ডউইটথ রপ্তানি শুরু হয়। বিএসসিসিএল সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে ব্যান্ডউইটথের এ রপ্তানি ৪০ এমবিপিএস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে এ ক্ষেত্রে দামও কিছুটা কমে আসবে।

ব্যান্ডউইটথের রপ্তানি মূল্য নিয়ে গত সপ্তাহে বিএসসিসিএলের পরিচালনা পর্ষদে আলোচনা হয়। ওই সভায় মূল্য হ্রাস-বৃদ্ধির বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়। তবে বৈঠকে দাম কমানোর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জানতে চাইলে বিএসসিসিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগসচিব শ্যাম সুন্দর সিকদার প্রথম আলোকে বলেন, বিএসএনএলের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। ব্যান্ডউইটথ রপ্তানি করে সরকারের আয় যাতে না কমে, সে জন্য ভারতকে আরও বেশি ব্যান্ডউইটথ নিতে বলা হবে। এ বিষয়ে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশে ব্যান্ডউইটথ ব্যবহারের পরিমাণ ৪৪০ জিবিপিএস। দেশের চাহিদার অর্ধেক ২২০ জিবিপিএস বিএসসিসিএলের মাধ্যমে পূরণ করা হয়। আর বাকিটা ভারত থেকে আমদানি করে পূরণ করা হয়। ১০ জিবিপিএস রপ্তানি করলেও তাই ব্যান্ডউইটথে বাংলাদেশ এখনো আমদানিনির্ভর। এখন আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কোম্পানির (আইটিসি) মাধ্যমে ভারত থেকে ব্যান্ডউইটথ আমদানি হয়। আইটিসিগুলো ভারতের রিলায়েন্স, টাটা গ্রুপের কাছ থেকে ব্যান্ডউইটথ কেনে।

বাংলাদেশের নিজস্ব ব্যান্ডউইটথের মূল উৎস সাবমেরিন কেব্‌ল। এর মধ্যে প্রথম সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৪) মাধ্যমে এখন পাওয়া যাচ্ছে ৩০০ জিবিপিএস। চালু হওয়ার অপেক্ষায় থাকা দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল (এসইএ-এমই-ডব্লিউই-৫) থেকে পাওয়ার কথা আরও ১ হাজার ৩০০ জিবিপিএস ব্যান্ডউইটথ। অভ্যন্তরীণ সংযোগের কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল থেকে এখন ব্যান্ডউইটথ পাচ্ছে না বাংলাদেশ। এর ফলে ব্যান্ডউইটথ আমদানি নির্ভরতা কমছে না।