ব্যান্ডউইডথের দাম ৪০ শতাংশ কমল
শুধু কলসেন্টার খাতে ব্যবহারের জন্য ব্যান্ডউইডথের দাম কমাল সরকার। বর্তমানে ব্যান্ডউইডথের নির্ধারিত মূল্য থেকে ৪০ শতাংশ কমিয়ে সেকেন্ড প্রতি মেগাবাইটের (এমবিপিএস) দাম ছয় হাজার টাকা করা হয়েছে। এক এমবিপিএস ব্যান্ডউইডথের চলতি দাম ১৫ হাজার টাকা।এ সিদ্ধান্ত চলতি বছর ১ নভেম্বর থেকে কার্যকর বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, কলসেন্টার শিল্প বাঁচিয়ে তোলার উদ্দেশে এ দাম কমানো হলো। তিনি জানান, কলসেন্টার শিল্প বিকাশে সরকার ও কমিশন সব ধরনের সুযোগ-সুবিধা দেবে। গত মঙ্গলবার কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি সর্বসাধারণের জন্য বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।বিটিআরসি এ পর্যন্ত প্রায় সাড়ে ৩০০ কলসেন্টারের লাইসেন্স দিলেও বর্তমানে সক্রিয় আছে ৫৮টি প্রতিষ্ঠান। এ ছাড়া বিধিমালা অনুযায়ী লাইসেন্স নেওয়ার ছয় মাসের মধ্যে চালু করতে ব্যর্থ হলে কলসেন্টারের লাইসেন্স বাতিল করার ঘোষণা দিয়েছিল বিটিআরসি। সে ঘোষণার পরই প্রায় শ দুয়েক লাইসেন্স বাতিল বা বিটিআরসিতে ফেরত এসেছে। মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে কলসেন্টারের লাইসেন্স দেওয়া হলেও শুধু দক্ষ জনবলের অভাবে এ চেষ্টা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেন টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। তিনি অবশ্য বলেন, অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনের খাত হিসেবে কলসেন্টার বিকশিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে সরকার।কলসেন্টারের মাধ্যমে একটি প্রতিষ্ঠান তথ্য দিয়ে ক্রেতাকে সেবা ও সমস্যার সমাধান দিয়ে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রেতাদের সহযোগিতা, টেলিমার্কেটিং এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা, অফার ও তথ্য জানানোই কলসেন্টারের কাজ। এটিকে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) বলা হয়। ২০০৮ সালে বিশ্বজুড়ে বিপিওর বাজার ছিল ৩৮২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০০৯ সালে তা ৬৪১ দশমিক ২ বিলিয়ন ডলারে উন্নীত হয়। বিপিওর মধ্যে নলেজ প্রসেস আউটসোর্সিং (কেপিও), লিগ্যাল প্রসেস আউটসোর্সিং (এলপিও), রিসার্স প্রসেস আউটসোর্সিং (আরপিও) ও এডুকেশন প্রসেস আউটসোর্সিং (ইপিও) শীর্ষে রয়েছে। বিটিআরসির চেয়ারম্যান জানান, ব্যান্ডউইডথের দাম কমানোর পাশাপাশি দেশজুড়ে কলসেন্টার প্রশিক্ষণের বিষয়ে একটি পরিকল্পনা তৈরিসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ভারতীয় কলসেন্টার প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘হিরো মাইন্ড মাইন’ এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে বলে কমিশনের সঙ্গে বৈঠকও করেছে।