ব্যাপক উত্থানের পরদিন আবার বাজারের পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিনে ৯ শতাংশ মূল্যসূচক বাড়ার পরদিনই গতকাল বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে প্রায় সাড়ে ৩ শতাংশ।গত মঙ্গলবার ডিএসইতে শতভাগ কোম্পানির দাম বেড়েছিল। আর গতকাল সেখানে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৮৬ শতাংশের দাম কমেছে।কোনো এক ঘোষণা বা আশাবাদকে কেন্দ্র করে বাজারে মূল্যসূচকের এ ধরনের অস্বাভাবিক উত্থান-পতন ঘটে চলেছে। এই ধারা অব্যাহত থাকায় বাজার তার স্বাভাবিক গতি ফিরে পাচ্ছে না। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন ও ডাচ্-বাংলা ব্যাংকের ঘোষিত লভ্যাংশ অনেক বিনিয়োগকারীর প্রত্যাশা পূরণ করেনি। ফলে গতকাল লেনদেনের শুরুতেই কোম্পানি দুটির শেয়ারের দরে ব্যাপক পতন ঘটে। এটা আবার অন্য কোম্পানির দামের ওপরও প্রভাব ফেলে।গ্রামীণফোন ২০১১ সালের লাভ-লোকসানের ভিত্তিতে বিনিয়োগকারীদের জন্য ৬৫ শতাংশ ও ডাচ্-বাংলা ব্যাংক ৪০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোর লভ্যাংশ বা প্রাতিষ্ঠানিক ঘোষণার পরদিন ওই কোম্পানির দামের ওপর কোনো ধরনের সীমা থাকে না। ফলে এই দিন দামের ব্যাপক উত্থান-পতন ঘটতে পারে।এ কারণে গতকাল লেনদেনের একপর্যায়ে গ্রামীণফোনের প্রতিটি শেয়ারের দাম আগের দিনের চেয়ে সাড়ে ১০ দশমিক ৫৫ শতাংশ কমে সর্বনিম্ন ১৪৪ টাকা ৮০ পয়সায় নেমে আসে। যদিও দিনশেষে কোম্পানিটির দাম কিছুটা বাড়ে।একইভাবে ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ারের দাম গতকাল লেনদেনের একপর্যায়ে আগের দিনের চেয়ে ২৭ শতাংশ কমে সর্বনিম্ন ৮৩ টাকা ১০ পয়সায় নেমে গিয়েছিল। তবে দিনশেষে তা কিছুটা বেড়ে ৯৭ টাকা ২০ পয়সায় ওঠে।ডিএসই সূত্র জানিয়েছে, গ্রামীণফোন ও ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ারের দরপতনের কারণে গতকাল ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক প্রায় ১৭ পয়েন্ট কমেছে।এদিকে, ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক গতকাল দিনশেষে প্রায় ১৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার ৮১০ পয়েন্টে। দিনশেষে গতকাল ডিএসইতে প্রায় ২১৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা বেশি।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল দিনশেষে প্রায় পৌনে ৪ শতাংশ বা ৪২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ১৬৯ পয়েন্টে। এই দিন সিএসইতে ১৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিনশেষে বুধবার চট্টগ্রামের বাজারে প্রায় ৪০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ছয় কোটি টাকা বেশি।লংকাবাংলার লেনদেন তদন্তে কমিটি: ডিএসইর সদস্য ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের আগ্রাসী বা অস্বাভাবিক শেয়ার বিক্রির কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।গতকাল এসইসি ও ডিএসইর একটি তদন্ত দল আকস্মিকভাবে ওই প্রতিষ্ঠান পরিদর্শন করে। এ সময় তারা প্রতিষ্ঠানটিতে আগ্রাসী শেয়ার বিক্রির প্রমাণ পায়।তারই পরিপ্রেক্ষিতে এসইসি দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। সংস্থাটির পরিচালক মাহবুবুর রহমান ও উপপরিচালক ওহিদুল ইসলামের সমন্বয়ে গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।এসইসির নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। এসইসির আদেশে বলা হয়েছে যে বিনিয়োগকারীদের স্বার্থে এসইসি বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।