ব্যাপক দরপতনে পুঁজিবাজার বন্ধ, বিক্ষোভে টিয়ারশেল, আটক ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেনদেনের শুরুতেই ব্যাপক দরপতনে আজ বৃহস্পতিবার বন্ধ হয়ে গেছে দেশের দুই পুঁজিবাজার। লেনদেন শুরুর ছয় মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ১১ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ সূচকের পতন সার্কিট ব্রেকার অতিক্রম করায় লেনদেন বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর রাজধানী ও চট্টগ্রামে বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করেছেন। পুলিশ মতিঝিল এলাকায় চারটি টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং এ পর্যন্ত ১৫ জনকে আটক করেছে।মতিঝিল এলাকায় পুলিশ ও বিনিয়োগকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। পুলিশ লাঠিপেটা করছে আর ক্ষুব্ধ বিনিয়োগকারীরা ইটপাটকেল ছুড়ছেন। মতিঝিল এলাকায় এখন যান চলাচল বন্ধ রয়েছে। আটককৃতদের কয়েকজন হলেন—আনিসুল ইসলাম, রেজাউল করিম, হারুন-উর রশীদ, হোসেন ও সালাউদ্দিন। অন্যদের পরিচয় জানা যায়নি।চট্টগ্রামে সিএসই কার্যালয়ে বিনিয়োগকারীদের প্রতিনিধিদের সঙ্গে সিএসই কর্মকর্তাদের বৈঠক হয়েছে।আজ ডিএসইতে লেনদেনের ছয় মিনিটেই সাধারণ সূচক ৫৯৯ পয়েন্ট পড়ে যায়। ফলে সার্কিট ব্রেকারের ২২৫ পয়েন্টের সীমা অতিক্রম করলে লেনদেন বন্ধ হয়ে যায় ।এ সময়ে মোট ১৮২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম কমে ১৭২টির, বাড়ে আটটির এবং অপরিবর্তিত থাকে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।মোট ৬৮ কোটি টাকার লেনদেন হয় ।সিএসইতে লেনদেন শুরুর ১১ মিনিটে সূচক ৭৯৫ পয়েন্ট কমে এবং সার্কিট ব্রেকার অতিক্রম করায় লেনদেন বন্ধ হয়ে যায়। লেনদেন বন্ধ হওয়ার পরে বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে বিনিয়োগকারীরা বেরিয়ে বিক্ষোভ করতে থাকেন। সিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ চলতে থাকে। এ সময় তাঁরা অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডিএসইর কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তখন প্রায় ১০ মিনিট সেখানে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে তাঁদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।বিনিয়োগকারীরা বিক্ষোভের একপর্যায়ে সিএসই কার্যালয়ে প্রবেশ করতে চান। পুলিশ ১০ জন বিনিয়োগকারীকে প্রবেশের অনুমতি দেয়। এখন বিনিয়োগকারীদের এই ১০ প্রতিনিধির সঙ্গে সিএসই কর্মকর্তাদের আলোচনা শুরু হয়েছে।বিক্ষোভ সমাবেশে এক বিনিয়োগকারী শরত্ চৌধুরী বলেন, ‘আমরা মরে গেছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সমাধান না হলে আমরা আগামী রোববার থেকে লাগাতার হরতাল দেব।’দরপতনের প্রতিবাদে আজ বেলা একটার দিকে কুমিল্লায়ও বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। শহরের কান্দিরপাড়ের পূবালী চত্বরে বিনিয়োগকারীরা বেশ কয়েকটি গাড়ি ও অটোরিকশা ভাঙচুর করেন। এ সময় তাঁরা রাস্তায় টায়ারে আগুন দেন এবং পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটান। বিক্ষোভের ফলে কান্দিরপারের পূবালী চত্বর থেকে কুমিল্লা জেলা স্কুল পর্যন্ত শহরের প্রধান সড়কটি প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।