ব্যাপক দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ
সপ্তাহের প্রথম কর্মদিবসে আজ রোববার পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। এতে পুঁজি হারিয়ে দিশেহারা বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ-সমাবেশ ও মিছিল করেছেন। তাঁরা বাজারে স্থিতিশীলতা ফেরাতে সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, দরপতনের মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা একটার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২২৩ পয়েন্টে পড়ে গেলে আতঙ্কিত বিনিয়োগকারীরা বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে বেরিয়ে ডিএসই কার্যালয়ের সামনে জড়ো হয়। তাঁরা সেখানে বিক্ষোভ-সমাবেশ করতে থাকেন।বিনিয়োগকারীরা এ সময় ডিএসইর প্রেসিডেন্ট শাকিল রিজভী, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা ‘আমাদের গুলি করে মেরে ফেলুন’ এমন প্ল্যাকার্ডও বহন করেন। সমাবেশে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের আহ্বায়ক মিজানুর রশীদ চৌধুরী, আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসেন, জব্বারসহ বেশ কয়েকজন বক্তব্য দেন।এ সময় এসইসি পুনর্গঠন, শেয়ারের অতি মূল্যায়ন রোধে প্রিমিয়াম বন্ধ করার দাবি করেন বক্তারা।একপর্যায়ে বিকেল তিনটার দিকে ডিএসইর সামনে থেকে মিছিল শুরু করেন বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা। মিছিলটি ডিএসইর সামনে থেকে শুরু হয়ে কিছুক্ষণ পর আবার ডিএসইর কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে বিকেল সোয়া তিনটার দিকে বিনিয়োগকারীরা তাঁদের বিক্ষোভ কর্মসূচি শেষ করেন। তবে এ কর্মসূচি চলাকালে ডিএসইর সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।বাজার পরিস্থিতি, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৮৭.৯৩ পয়েন্ট বা ৪ দশমিক ৮৮ শতাংশ কমে ৫৬১১.৪৭ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে লেনদেন হওয়া মাত্র একটি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। আর কমেছে ২৪৪টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের দাম। ডিএসইতে আজ ৪৬২ কোটি টাকার লেনদেন হয়েছে।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক আজ ৪ দশমিক ৫৩ শতাংশ ৭৪৪.৭৬ পয়েন্ট কমে ১৫৭০০.৪৩ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া মাত্র চারটি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে বেক্সিমকো, তিতাস গ্যাস, বেক্সটেক্স, স্কয়ার ফার্মা, আফতাব অটো, ইউনাইটেড এয়ার, ইউসিবিএল, আরএন স্পিনিং, বিএসআরএম স্টিল ও এনবিএল।এদিকে ডিএসইতে আজ একমাত্র দাম বৃদ্ধি পাওয়া কোম্পানি হলো রহিম টেক্সটাইল।অন্যদিকে আজ সবচেয়ে বেশি কমেছে সিনোবাংলার শেয়ারের দাম। এ ছাড়া এবি ব্যাংক, নিটল ইনস্যুরেন্স, আইপিডিসি, প্রগতি লাইফ ইনস্যুরেন্স, দেশবন্ধু পলিমার, বিকন ফার্মা, ফাইন ফুডস, বিচ হ্যাচারি ও সিএমসি কামাল দাম কমে যাওয়া শীর্ষ ১০ এর তালিকায় রয়েছে।