দেশের পুঁজিবাজারে আজ বুধবারও বড় দরপতন হয়েছে। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের ব্যাপক পতন হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ৬ শতাংশের বেশি কমে ৪০০০ পয়েন্টের নিচে নেমে এসেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ৫.২০ শতাংশ।এদিকে আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে মোট ২৬৯ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে চারটির, কমেছে ২৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হচ্ছে গ্রামীণফোন, আরএন স্পিনিং মিলস লিমিটেড, বেক্সিমকো, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ফুওয়াং সিরামিকস লিমিটেড ও বিএসআরএম স্টিল মিলস লিমিটেড।অন্যদিকে, সিএসইর সার্বিক মূল্যসূচক ৫.২০ শতাংশ বা ৬৩৫.২০ পয়েন্ট কমে ১১৫৭৭.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭১টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৮ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকার বেশি।পুঁজিবাজারে অব্যাহত দরপতন সম্পর্কে বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা একেবারেই কমে গেছে। একই সঙ্গে অব্যাহত দরপতনে বাজারে চরম তারল্য-সংকট বিরাজ করছে। এ অবস্থায় বিনিয়োগকারীরা আরও পুঁজি হারানোর ভয়ে রয়েছেন। তাই আতঙ্কিত বিনিয়োগকারীরা নিজেদের কাছে থাকা শেয়ার বিক্রি করে পুঁজি যা আছে, তা-ই উঠিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন। এর ফলে শেয়ার বিক্রির চাপ বেড়ে যায়, যা দরপতনকে ত্বরান্বিত করে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।