সদ্য সমাপ্ত ২০১৩ সালে দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে আগের বছরের চেয়ে ১১ শতাংশ। এটি ২০১২ সালের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির হারের প্রায় দ্বিগুণ। সে বছর জীবনযাত্রার ব্যয় বেড়েছিল ৬ দশমিক ৪২ শতাংশ। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) দ্রব্যমূল্যবিষয়ক বার্ষিক প্রতিবেদনের তথ্য এটি।
ক্যাব বলছে, ভোক্তাদের নিত্যপণ্যের তালিকায় (কনজ্যুমার বাসকেট) থাকা পণ্যের দাম এবং সেবার গুরুত্বের ভিত্তিতে জীবনযাত্রা ব্যয়ের এই হিসাব করা হয়েছে। অবশ্য এর মধ্যে শিক্ষা, চিকিৎসা ও প্রকৃত যাতায়াত ব্যয় ধরা হয়নি। যদিও সংগঠনটি এসব ব্যয় আলাদা করে হিসাব করেছে।
বিগত বছরে নিত্যপণ্য ও সেবার মূল্য বেড়েছে ১২ দশমিক ১৭ শতাংশ। ঢাকার ১৫টি পাইকারি-খুচরা বাজার ও বিভিন্ন সেবার ১১৪টি খাদ্যপণ্য, ২৬টি নিত্যব্যবহার্য সামগ্রী এবং ১০টি সেবার মূল্য পর্যালোচনা করে এই হিসাব করেছে ক্যাব।
ক্যাব বলছে, দেশে ধনী-গরিবের আয়ের বৈষম্য বাড়ছেই। আয়ের সঙ্গে ব্যয়ের অসংগতি মানুষের হতাশা বাড়াচ্ছে। জীবন চালাতে এখন হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
এ অবস্থায় বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, সাধারণ মানুষের আয় বাড়াতে পদক্ষেপ নেওয়া, নিম্ন আয়ের মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাজারব্যবস্থা গড়ে তোলা, শিক্ষা-চিকিৎসা-যাতায়াত ব্যয় ও নগরবাসীর বাড়িভাড়া সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজনীয় সরকারি তৎপরতাই সাধারণ মানুষকে স্বস্তি দিতে পারে বলে মনে করে ক্যাব।
ক্যাবের হিসাবে, মানুষের জীবনযাত্রার ব্যয় ২০১১ সালে ১১ দশমিক ৯৬ শতাংশ, ২০১০ সালে ১৬ দশমিক ১০ শতাংশ এবং ২০০৯ সালে ৬ দশমিক ১৯ শতাংশ হারে বেড়েছিল।
ক্যাবের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরজুড়েই আদা, পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি, প্রায় ৩৮ দশমিক ৬৪ শতাংশ। বিভিন্ন ধরনের মাছের দাম বেড়েছে ২০ দশমিক ৩৬ শতাংশ। আর গুঁড়া মসলা ১৫ দশমিক ২৫ শতাংশ, মোটা-সরু চাল ১০ শতাংশ ও সুগন্ধি চাল ১৬ দশমিক ৩২ শতাংশ, ডাল ১৩ দশমিক ৭৮ শতাংশ, আটা-ময়দা ৭ দশমিক ১৬ শতাংশ, ফল ১৩ দশমিক ৬৮ শতাংশ, মুরগি ১০ দশমিক ১৩ শতাংশ, শাকসবজির দাম ৯ শতাংশ বেড়েছে।
এ ছাড়া গুঁড়া দুধ ৬ দশমিক ৫৭ শতাংশ, চা-পাতা ৪ দশমিক ৮৭ শতাংশ, নারিকেল তেল ২১ দশমিক ৯০ শতাংশ এবং সাবানের দাম বেড়েছে ৮ শতাংশ। তবে ২০১৩ সালে মানুষকে স্বস্তি দিয়েছে ভোজ্যতেল, লবণ ও চিনি। গত বছর সয়াবিন তেল ৫ দশমিক ৬৩ শতাংশ, লবণ ৫ দশমিক ১৬ শতাংশ ও চিনির দাম ১২ দশমিক ৮৪ শতাংশ কমেছে।
অবশ্য গত বছর খাদ্যবহির্ভূত বিভিন্ন পণ্যের দামও বেড়েছে। দেশি থান কাপড় ৮ দশমিক ২৫ শতাংশ, বিদেশি থান ৬ দশমিক ৮৪ শতাংশ, শাড়ি ৩ দশমিক ৫২ শতাংশ এবং গেঞ্জি-গামছা-তোয়ালের দাম ৭ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।
ভোগ্যপণ্যের দাম সাধারণের হাতের নাগালে রাখার জন্য বাজার সিন্ডিকেট রোধ করতে প্রতিযোগিতা আইনের যথাযথ প্রয়োগ, টিসিবিকে কার্যকর করা, আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে না কমানোর ব্যবসায়ীদের যে প্রবণতা সেটা রোধ, সরকারকে ‘মার্কেট ইন্টেলিজেন্স’ চালু করা এবং পণ্যের মোড়কজাতকরণ বিধিমালা কার্যকর করার সুপারিশ করেছে ক্যাব।
ক্যাবের হিসাবে, গত বছর বিদ্যুতের দাম ৭ দশমিক ৩০ শতাংশ ও জ্বালানি তেলের দাম ৫ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। ওয়াসার পানির দাম বেড়েছে ৫ শতাংশ।
পাল্লা দিয়ে বেড়েছে শহর-নগরের বাড়িভাড়াও। ২০১৩ সালে বাসা ভাড়া বেড়েছে ১০ দশমিক ৯১ শতাংশ। ক্যাবের পর্যবেক্ষণ, বাড়িভাড়া বাড়ানোর ক্ষেত্রে বাড়িওয়ালারা নিয়মনীতি ও আইনকানুনের তোয়াক্কাই করেন না। সে কারণে অনেক পরিবারই মূল শহর থেকে উপশহরে সরে যেতে বাধ্য হচ্ছে।
এ ক্ষেত্রে ক্যাবের সুপারিশ হচ্ছে, বাড়িভাড়া আইন হালনাগাদ করে জনস্বার্থে তা কার্যকর করা, সহজ শর্তে দীর্ঘমেয়াদি কিস্তিতে পরিশোধের সুযোগ রেখে নিম্ন, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তের জন্য ফ্ল্যাট নির্মাণ ও বরাদ্দ দেওয়া।
অন্যদিকে যাতায়াত ব্যয় নিয়েও অস্বস্তিতে আছে মানুষ। ক্যাবের পর্যবেক্ষণ, সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিচালকেরা সরকারনির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করতে চান না। একই দূরত্বের জন্য চালকেরা একেক যাত্রীর কাছ থেকে একেক ভাড়া দাবি করছেন। এ জন্য বর্তমান গণপরিবহনব্যবস্থা ঢেলে সাজানো এবং পরিবহন সহজলভ্য করতে আইনের প্রয়োগ ও যৌক্তিক ভাড়া নির্ধারণ, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশীয় বাজারে জ্বালানি তেলের দাম কমিয়ে আনার সুপারিশ করেছে ক্যাব।
ক্যাবের প্রতিবেদন বলছে, স্বাস্থ্যসেবা খাতে অরাজকতা চলছে। একই মানের একেক চিকিৎসক একেক রকম ফি নিচ্ছেন। চিকিৎসকেরা রোগীদের বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় পরীক্ষা করানোর কথা ব্যবস্থাপত্রে লিখে থাকেন। শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে সরকারের নজরদারি আছে কি না, তা নিয়ে সাধারণ মানুষ যথেষ্ট সন্দিহান বলেও মনে করে ক্যাব।