
কার্যকর নীতিমালা প্রণয়ন ও আইনি পদক্ষেপে পরিবেশ তৈরির মাধ্যমে দেশে ব্যয়–সাশ্রয়ী উপায়ে আর্থিক খাতে আনুষ্ঠানিক সেবা ছড়িয়ে দিতে হবে।
ফিন্যান্সিয়াল ফোরাম বাংলাদেশ (এফএফবি) নামে আর্থিক খাতের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গতকাল শনিবার বক্তারা এই অভিমত দেন। তাঁরা দেশে অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দক্ষ পেশাজীবী তৈরির ওপর জোর দেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) ও দি সিটি ব্যাংকের সহযোগিতায় এফএফবি হোটেল লা মেরিডিয়ান ঢাকায় ‘ফিন্যান্সিয়াল ইনোভেশন ফোরাম ২০১৭’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে। এতে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সাদসেল ব্লিকেন বলেন, এটি নিরাপদ অর্থনৈতিক অন্তর্ভুক্তি, নারীদের প্রথাগত অর্থনৈতিক খাতে নিয়ে আসা এবং অর্থনৈতিক অগ্রগতি অর্জনের ক্ষেত্রে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এফএফবির প্রধান সম্পাদক মুহাম্মদ এ (রুমী) আলী দীর্ঘস্থায়ী অর্থনৈতিক উন্নয়নে দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরেন। আরও বক্তব্য দেন এফএফবির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফিরোজ আহমেদ খান এবং এসসিবির সিইও আবরার এ আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন এফএফবির সহপ্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম, লিডিং ভেঞ্চারের প্রতিষ্ঠাতা টম কামিংস, এনইউএসের অ্যাডজাঙ্কট প্রফেসর লুৎফি সিদ্দিকি এবং টেলিনর হেলথের সিইও সাজিদ রহমান।
দুটি আলাদা অধিবেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয়দ্বীপ প্রভু ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজের কার্যনির্বাহী পরিচালক মার্কোস এগুইগ্রেন।
ফোরামের শেষ অধিবেশনের আলোচকদের মধ্যে ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি মাশরুর আরেফিন; মাইক্রোসফট বাংলাদেশের এমডি সোনিয়া বশির কবীর এবং হ্যাশক্লাউড পিটি অস্ট্রেলিয়ার চেয়ারম্যান তারিক আমিন ভূঁইয়া। সমাপনী বক্তব্য দেন ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তি।