ব্রয়লার মুরগির দাম বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম বেড়েই চলেছে।
মাস খানেক আগেও যে ব্রয়লার মুরগি কেনা যেত বাজারভেদে ১২০ থেকে ১৩০ টাকায়, তা কিনতে এখন ক্রেতাকে গুনতে হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, গত এক মাসে দেশে ব্রয়লার মুরগির দাম বেড়েছে প্রায় ২২ শতাংশ।
মুরগির দাম বাড়ার কারণ জানতে চাইলে কারওয়ান বাজারের মুরগিবিক্রেতারা বলছেন, তাঁরা কাপ্তানবাজার থেকে মুরগি কিনে আনেন। সেখান থেকে বেশি দামে মুরগি কিনে আনতে হচ্ছে। ফলে তাঁরাও বেশি দামে তা বিক্রি করছেন।
তবে পোলট্রির মালিকেরা বলছেন, অবরোধ-হরতালের কারণে এক দিন বয়সী মুরগির বাচ্চার দাম হঠাৎ বেড়ে গেছে। সেই বর্ধিত দামেই এখনো বাচ্চা কিনতে হচ্ছে। সে কারণে ব্রয়লার মুরগির দামও বেড়েছে।
পোলট্রি শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা যায়, ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া অবরোধ-হরতালের আগে প্রতিটি এক দিন বয়সী বাচ্চার দাম ছিল ১৮ থেকে ২০ টাকা। ঠিকমতো পরিবহন না হওয়ায় এবং বাচ্চা উৎপাদনকারীদের লোকসান হওয়ায় তাঁরা বাচ্চার দাম বাড়িয়ে দেন। ওই বাচ্চা জানুয়ারির শেষ দিকে বিক্রি হয় ৪০ টাকায়। এখনো এই দামেই বাচ্চা বিক্রি হচ্ছে।
বেশি দামে বাচ্চা কিনতে হচ্ছে বলে ব্রয়লার মুরগির উৎপাদন ব্যয় বেড়ে গেছে—এমন মন্তব্য করেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মো. মহসিন। তিনি প্রথম আলোকে বলেন, একটি ব্রয়লার মুরগির উৎপাদন ব্যয় এখন ১২০ থেকে ১২৫ টাকা। খামারিরা তা বিক্রি করেন ১২৫ থেকে ১৩০ টাকায়।
বাজারে ব্রয়লার মুরগির সরবরাহে কোনো ঘাটতি নেই, বাচ্চার সরবরাহেও ঘাটতি নেই, পোলট্রি খাদ্যের দামও বাড়েনি, তার পরও কেন মুরগির দাম বাড়ছে প্রশ্নে খন্দকার মহসিন বলেন, বেশি দামে বাচ্চা কিনতে হচ্ছে, এ কারণেই এটা হচ্ছে। বাচ্চার দাম না কমা পর্যন্ত মুরগির দাম কমবে না।
পোলট্রি শিল্পের মালিকদের তথ্য অনুযায়ী, সারা দেশে প্রতিদিন ২৮ থেকে ২৯ লাখ কেজি পোলট্রি মুরগির মাংসের চাহিদা রয়েছে। এর মধ্যে ১৭ থেকে ১৮ লাখ কেজি আসে ব্রয়লার মুরগি থেকে।