ব্রিকস ব্যাংক স্থাপনে গবেষণা প্রতিষ্ঠানগুলো একমত হয়েছে
অগ্রসর উদীয়মান দেশগুলোর জোট ব্রিকসের গবেষণা সংস্থাগুলো ব্রিকস ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে মতৈক্যে উপনীত হয়েছে।ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে এই জোট গঠিত। দেশগুলোর নামের ইংরেজি আদ্যক্ষর নিয়ে ব্রিকস নামকরণ।এই পাঁচ দেশের বিভিন্ন গবেষণা সংস্থার বিশেষজ্ঞরা চীনের চংকিং নগরে দুই দিনের এক বৈঠক শেষে এই ঐকমত্য পোষণ করেন। এ প্রসঙ্গে চায়না ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের উপপরিচালক লিয়ু ইউফা বলেন, ‘মার্চ মাসে ব্রিকস সম্মেলনের আগে আমরা ব্রিকস ব্যাংক গঠন করা যায় কি না, তা নিয়ে আলোচনা করেছি।’আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বব্যাংকের পরিপূরক হিসেবে ব্রিকস ব্যাংক গঠনের প্রস্তাবটি এসেছে। এই বৈঠকে কবে বা কোন সময়ে ব্রিকস ব্যাংক গঠন করা হবে, সে বিষয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। তবে প্রত্যেক দেশের বিশেষজ্ঞ প্রতিনিধিরা নিজ নিজ সরকারকে বিষয়টি বিস্তারিত জানিয়ে প্রতিবেদন দাখিল করবেন। সূত্র: পিটিআই/বাসস।