ব্রিকস ব্যাংকের সদস্য হতে চায় বাংলাদেশ
নবগঠিত ব্রিকস ব্যাংক বাংলাদেশকে সদস্য করবে বলে এখন পর্যন্ত কোনো আশ্বাস দেয়নি। কিন্তু বাংলাদেশ ব্যাংকটির সদস্য হতে আগ্রহী। আবার চীনের নেতৃত্বাধীন প্রস্তাবিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এইইবি) বাংলাদেশকে সদস্য হিসেবে পেতে চায়। বাংলাদেশ এতে ততটা আগ্রহী নয়।
এমন পরিস্থিতিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আমরা ব্রিকস ব্যাংকের ব্যাপারেই সিদ্ধান্ত নিয়েছি। চীনেরটি এখনো প্রক্রিয়াধীন, সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি এখনো।’ সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট লক্ষ্মী ভেনকাটাচালামের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অবশ্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরিড) সূত্রে জানা গেছে, আগামী ৪ সেপ্টেম্বর ইআরডির একজন উচ্চপদস্থ কর্মকর্তা এইইবি সম্পর্কে বিস্তারিত জানতে চীন যাচ্ছেন। তিনি ফিরে এসে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করবেন। তার ওপর ভিত্তি করে ইআরডি সচিব চীন সফর করবেন। এরপরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—এই পাঁচ দেশের আদ্যক্ষর নিয়ে ব্রিকস জোটের নেতারা গত জুলাইয়ে ব্রাজিলে ব্রিকস ব্যাংক গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এই ব্যাংকের অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি ডলার। এর মধ্যে প্রথম অবস্থায় এক হাজার কোটি ডলার করে উদ্যোক্তা পাঁচ দেশ দেবে মোট পাঁচ হাজার কোটি ডলার। মূলত অবকাঠামো প্রকল্পে অর্থায়ন করবে ব্রিকস ব্যাংক। আর ঋণ কার্যক্রম শুরু হবে ২০১৬ থেকে।
জানা গেছে, ব্রিকস ব্যাংকে কীভাবে যোগদান করা যায়, সে ব্যাপারে জানতে চেয়ে উদ্যোক্তা পাঁচ দেশে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনকে ব্রিকস ব্যাংকে বাংলাদেশের যোগদানের আগ্রহের কথা জানানো হয়েছে।
ব্রিকস ব্যাংকের সদস্য হওয়ার আগ্রহের ব্যাপারে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ব্রিকস ব্যাংকের সদস্য হওয়ার সুযোগ নেই আমাদের। আমরা হতে পারব গ্রাহক। অর্থাৎ ব্রিকস ব্যাংকের অর্থায়নে আমরা আমাদের প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করব।’
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ব্রিকস ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়াটাই সংগত হবে। কারণ, আর্থিক খাতে যত আন্তর্জাতিক সংস্থা গঠিত হবে, ততই তা মঙ্গলজনক হবে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য।
বাংলাদেশ এত বেশি পরিমাণ চাঁদা কীভাবে দেবে—এমন প্রশ্নের জবাবে বিনায়ক সেন বলেন, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর চাঁদার পরিমাণ ব্রিকস ব্যাংকের উদ্যোক্তা দেশগুলোর তুলনায় অনেক কম হবে। সুতরাং, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
অর্থমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হলো, জানতে চাইলে এডিবির ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, আলোচনা হয়েছে এডিবির অর্থায়নে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে। আলোচনায় অবকাঠামো, যোগাযোগ, কৃষি, তথ্যপ্রযুক্তি ইত্যাদি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
এডিবির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করলে সময়ের অভাবে কোনো জবাব দেননি অর্থমন্ত্রী।