ব্রিটেনে ব্যয় সংকোচনের বিরুদ্ধে শ্রমিক সংগঠনগুলোর আন্দোলনের হুমকি
ব্রিটেনে শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন দ্য ট্রেড ইউনিয়ন কংগ্রেস আজ শনিবার ব্রিটেন সরকারের ব্যয় সংকোচেন নীতির প্রতিবাদ জানিয়ে বলেছে, আগামী মার্চে তাঁরা এর বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে বড় ও কঠোর’ আন্দোলন শুরু করবে। খবর রয়টার্সের।গত বুধবার ব্রিটেন সরকার বাজেট ঘাটতি পূরণের জন্য সরকারি ব্যয় সংকোচনের ঘোষণা দেয়। এ ব্যয় সংকোচন নীতি অনুসরণের ফলে দেশটিতে প্রায় কয়েক লাখ মানুষ সরকারি চাকরি হারাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটেন সরকার সরকারি চাকরির পাশাপাশি চাকুরেদের অবসর গ্রহণের সময়সীমা এগিয়ে নিয়ে এসে অবসরকালীন সুবিধাদি কমিয়ে নিয়ে আসার কথাও ঘোষণা করেছে। সাম্প্রতিককালে ব্রিটেনে বাজেট ঘাটতির পরিমাণ ১১ শতাংশ হওয়ার কারণে সরকার এসব পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।ট্রেড ইউনিয়ন কংগ্রেস জানিয়েছে, তারা সরকারের এ ব্যয় সংকোচন নীতির ঘোর বিরোধী এবং এ নীতি ব্রিটেনের অর্থনীতিতে সুফল বয়ে নিয়ে আসবে না। ব্রিটেনের সাড়ে ছয় লাখ শ্রমিক-কর্মচারীর প্রতিনিধি হিসেবে ট্রেড ইউনিয়ন কংগ্রেস সরকারের ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তোলারও ঘোষণা দিয়েছে।লন্ডনে আয়োজিত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের এক সভায় এর মহাসচিব ব্রেন্ডন বারবার বলেন, অর্থনৈতিকভাবে ব্রিটেন এক চরম ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে। তিনি আরও বলেন, ‘ব্রিটেনে বর্তমানে শুধু অর্থনীতিই হুমকির সম্মুখীন নয়, আমাদের দেশের ক্ষমতার মসনদে এমন একটি সরকার রয়েছে, যারা অর্থনৈতিক সমস্যা সমাধান না করে রাষ্ট্রের ব্যয় সংকোচনে উঠে-পড়ে লেগেছে। এমন হিংস্রতা অতীতে কখনোই দেখা যায়নি।’এদিকে ট্রেড ইউনিয়ন কংগ্রেস এখনই কোনো বড় কর্মসূচি না দিয়ে সরকারের উচ্চপর্যায়ে এর বিরুদ্ধে তদবির করার সিদ্ধান্ত নিয়েছে। তবে অনেক শ্রমিক-কর্মচারী সংগঠন এখনই এ ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে ‘সমন্বিত’ আন্দোলন কর্মসূচির আহ্বান জানিয়েছে।