ব্রেক্সিটেও মুনাফা জর্জ সরোসের

যুক্তরাজ্যের গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার রায় এলে যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ের বিনিময় হারে পতন ঘটবে, এমন পূর্বাভাস দিয়েছিলেন বিশ্বখ্যাত বিনিয়োগকারী ও মুদ্রা ব্যবসায়ী জর্জ সরোস। তিনিই ব্রেক্সিটের সুযোগ নিয়ে বিপুল মুনাফা করলেন।
যুক্তরাজ্যের জনগণ গত শুক্রবার গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেয়। এরপর থেকেই শেয়ার, স্টক ও পাউন্ড স্টার্লিংয়ের দাম কমতে থাকে। জর্জ সরোস সোনাতে বিপুল বিনিয়োগ করেন, ব্রেক্সিটের (ব্রিটিশ এক্সিট অব দ্য ইইউ) কারণে যার দাম বাড়তে থাকে।
ভোটের আগে ৮৫ বছর বয়সী এই ব্যবসায়ী ২৬৪ মিলিয়ন ডলার স্বর্ণ ক্রয় করেন। তবে সব মিলিয়ে সরোস কত মুনাফা করেছেন, তা প্রকাশ পায়নি।
গণভোটের আগে জর্জ সরোস ব্রেক্সিটের পক্ষের ভোটদাতাদের উদ্দেশে বলেছিলেন, ১৯৯২ সালের মতো এবারও মুদ্রাবাজারে ফাটকা কারবারিরাই আর্থিকভাবে বেশি মুনাফা করবেন। তিনি ১৯৯২ সালে পাউন্ডের ব্যবসা থেকে ১০০ কোটি আয় করেছিলেন।