ব্রেক্সিটের অর্থনৈতিক মূল্য অনেক বড়: আইএফএস
চলমান বাণিজ্য চুক্তির বিষয়ে কোনো ধরনের আলোচনা ছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের বেশ বড় মূল্য দিতে হতে পারে যুক্তরাজ্যকে। দেশটির রাজস্ব-বিষয়ক গবেষণা সংস্থার (আইএফএস) এক প্রতিবেদনে জানানো হয়, ব্রেক্সিটের পর যদি যুক্তরাজ্য কোনো বাণিজ্য আলোচনায় সমঝোতা করতে ব্যর্থ হয়, এর দাম পড়বে মোট উৎপাদনের প্রায় ৪ শতাংশ।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে আইএফএসের প্রতিবেদনের বিষয়টি তুলে ধরা হয়। আইএফএসের প্রতিবেদনে জানানো হয়, বিচ্ছেদ সম্পন্ন হলে বাজেটের সিদ্ধান্তগুলো যুক্তরাজ্যকে এককভাবে নিতে হবে। সে ক্ষেত্রে কোনো বাণিজ্য চুক্তিতে সমঝোতা না হলে করের বোঝা চাপতে পারে যুক্তরাজ্যেরে ওপর।
আইএফএসের রিসার্চ অ্যাসোসিয়েট ইয়ান মিশেল বলেন, ‘অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে বলা যায়, ইইউয়ের সঙ্গে বর্তমান এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে আমরা বড় বড় সিদ্ধান্তের মুখোমুখি হব। সদস্য হিসেবে থাকা আর জায়গা করে নেওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। সদস্য হিসেবে থাকলে অনেক বাণিজ্যিক ও অর্থনৈতিক সেবার সুবিধা পাওয়া যায়। যুক্তরাজ্য যদি ইইউর সদস্য হিসেবে থাকত, তাহলে যেকোনো বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে বাধা (যেমন লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার বাধা) দূর করা সহজ হতো।’
প্রতিবেদনে জানানো হয়, কাস্টমস চেক, আমদানি শুল্ক বা পণ্যের ওপর শুল্ক কমানোর চেয়েও অর্থনৈতিক দিক দিয়ে বাণিজ্যিক বাধা না থাকাটা জরুরি। গত বছর যুক্তরাজ্যের সেবা খাতের ৪০ শতাংশ রপ্তানি হয় ইইউতে। তাই বিচ্ছেদের সিদ্ধান্তে যুক্তরাজ্য কিছুটা নাজুক অবস্থায় পড়বে। এ ছাড়া যুক্তরাজ্যের অর্থনীতির মোট উৎপাদনের ৮ শতাংশ নির্ভর করে আর্থিক সেবা খাতের ওপর। ব্রেক্সিট সিদ্ধান্তের কারণে ইইউতে যুক্তরাজ্যের এ খাতের অবাধ প্রবেশে বাধা তৈরি হবে, যা তারা এত দিন সুবিধা হিসেবে পেয়ে আসছিল।