ব্রেক্সিটের প্রভাব পড়বে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ব্রেক্সিটের প্রভাব বাংলাদেশে পড়বে না। ব্রেক্সিট বাংলাদেশের সমস্যা নয়; এটি ইংল্যান্ডের সমস্যা। তিনি আরও বলেন, বলা হচ্ছে যে ব্রেক্সিটের কারণে বাংলাদেশের ২২ কোটি ৮ লাখ ডলারের ক্ষতি হতে পারে। এটা বড় কোনো ক্ষতি নয়। কেননা, বাংলাদেশের যত রপ্তানি হয়, এর ৫০ শতাংশের মতো ইউরোপীয় ইউনিয়নে হয়। সেখানে ইংল্যান্ডের অংশ খুব বেশি নয়। পরিকল্পনামন্ত্রীর মতে, ব্রেক্সিটের কারণে যদি লোকসানও হয়, তবে তা অন্যভাবে পুষিয়ে নেওয়ার সুযোগ আছে।
গতকাল বৃহস্পতিবার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত মধ্যাহ্ন ভোজসভায় পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। এ সভায় ‘সমৃদ্ধ বাংলাদেশের জন্য পরিকল্পনা: কৌশলগত অগ্রাধিকার’বিষয়ক বিশেষ বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী। গুলশানের ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত এ সভায় ব্যবসায়ী, অর্থনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ করলে লোকসান হবে না। এ দেশে লোকসান করতে হলে পরিকল্পনা করতে হয়। ভিয়েতনামে কোনো বিনিয়োগকারী গেলে জমি ইজারা নিতে হয়। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা জমির মালিক হতে পারেন।’
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিল বলেন, বাংলাদেশের সমৃদ্ধি দেখতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে তারা।
অ্যামচেমের সভাপতি নুরুল ইসলাম বাংলাদেশের সমৃদ্ধির জন্য তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অগ্রাধিকারগুলো হলো দক্ষ মানবসম্পদ গঠনে মানসম্পন্ন শিক্ষা; ব্রেক্সিটের প্রভাব এবং ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া।