ব্রেক্সিটের প্রভাব পড়বে না বাংলাদেশের অর্থনীতিতে
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ (ব্রেক্সিট) এবং সারা বিশ্বের অস্থিতিশীল অবস্থার নেতিবাচক প্রভাব পড়বে না বাংলাদেশের অর্থনীতিতে। রোববার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
বাংলাদেশের অর্থনীতি তৈরি পোশাক খাতনির্ভর হওয়ায় বর্তমান পরিস্থিতিতে তা আরও শক্তিশালী হবে বলে মনে করছে এডিবি। ব্রেক্সিটের নেতিবাচক প্রভাব এশিয়ার বিভিন্ন উন্নয়নশীল দেশের মুদ্রা এবং পুঁজিবাজারে পড়লেও তা সাময়িক বলে মনে করে সংস্থাটি।
মার্চে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৬’ শীর্ষক প্রতিবেদনে ২০১৬ সালে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ হবে বলে জানায় এডিবি। এর আগে প্রবৃদ্ধির পূর্বাভাস ৫ দশমিক ৭ শতাংশ দিয়েছিল সংস্থাটি।
রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ এবং ২০১৭ সালে জিডিপি প্রবৃদ্ধির শীর্ষে থাকবে দক্ষিণ এশিয়া। বিশেষ করে দ্রুত বিকশিত অর্থনীতি ভারতের নেতৃত্ব থাকবে এ ক্ষেত্রে। এ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস অর্জনে চীন সফলভাবে এগিয়ে যাবে বলে আশা করে এডিবি।