ব্রোকার-বিনিয়োগকারীরা ভোগান্তিতে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নতুন সফটওয়্যার ‘এমএসএ প্লাসে’ বারবার কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে। এ কারণে ব্রোকারেজ হাউস ও বিনিয়োগকারীদেরও বারবার নানা সমস্যায় পড়তে হচ্ছে।প্রায় নয় মাস আগে নতুন এ সফটওয়্যার চালুর পর থেকে প্রায়ই সেটির সমস্যার কারণে বিঘ্নিত হচ্ছে বিভিন্ন ব্রোকারেজ হাউসের লেনদেন। সর্বশেষ গত বুধবার নতুন এ সফটওয়্যারের কারণে অর্ধশতাধিক ব্রোকারেজ হাউসে লেনদেন বাধাগ্রস্ত হয়। এদিনই নতুন কোম্পানি ওরিয়ন ফার্মার লেনদেন শুরু হয়। নতুন কোম্পানির লেনদেনকে কেন্দ্র করেই মূলত নতুন সফটওয়্যারটিতে কিছুদিন ধরে কয়েক দফায় কারিগরি ত্রুটি দেখা দেয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার নতুন কোম্পানির লেনদেনের শুরুতে প্রায় ৫০টি ব্রোকারেজ হাউস থেকে শেয়ার কেনাবেচার সময়ে ক্রয়-বিক্রয় আদেশ আটকে (হ্যাং) যায়। এর ফলে তাদের লেনদেন বাধাগ্রস্ত হয়। পরে বিষয়টি ডিএসইকে জানানো হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে এর কোনো সমাধান পাওয়া যায়নি বলে একাধিক ব্রোকারেজ হাউস অভিযোগ করেছে। জানতে চাইলে সাবভ্যালি সিকিউরিটিজের মহাব্যবস্থাপক আকবর আলী হাওলাদার প্রথম আলোকে বলেন, বুধবার লেনদেনের শুরুতে বারবার সফটওয়্যারে ক্রয়-বিক্রয় আদেশ আটকে যাচ্ছিল। প্রায় এক ঘণ্টা ধরে এ সমস্যা চলতে থাকে। এতে লেনদেন বাধাগ্রস্ত হয়। এর আগে গত ডিসেম্বরে নতুন সফটওয়্যারের কারিগরি ত্রুটির কারণে দুদিন এক ঘণ্টা বিরতিতে লেনদেন শুরু করা হয়। তখন বিষয়টি খতিয়ে দেখতে ডিএসই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে।তবে কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি। প্রায় ছয় কোটি টাকায় কেনা সফটওয়্যারটি ২০১২ সালের ১০ জুন চালু করা হয়। ডিএসইর একজন সাবেক ঊর্ধ্বতন সহসভাপতির বিশেষ আগ্রহে এ সফটওয়্যার কেনা হয়। নতুন সফটওয়্যার চালু উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ডিএসইর প্রধান কারিগরি কর্মকর্তা এ এস এম খায়রুজ্জামান দাবি করেছিলেন, নতুন এ সফটওয়্যারটি চালু হলে তা শেয়ারবাজারে লেনদেনে নতুন মাত্রা যোগ করবে।সফটওয়্যারটির ত্রুটি নিয়ে চরম ক্ষোভ তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্রোকারেজ হাউসের মালিক বলেন, ‘নিজেদের অর্থ ব্যয় করে নতুন এ সফটওয়্যার চালুতে আমাদের বাধ্য করা হয়েছে। এটি চালু করতে প্রতিটি হাউসের গড়ে ২০ থেকে ৩০ লাখ টাকা অতিরিক্ত খরচ হয়েছে।’ এদিকে বারবার কারিগরি ত্রুটির কারণে লেনদেনে বিঘ্ন ঘটলেও ডিএসইর পক্ষ থেকে এসব ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা কিছু বলতে নারাজ। এ ব্যাপারে ডিএসইর প্রধান কারিগরি কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। বিভিন্ন ব্রোকারেজ হাউসের ক্ষুব্ধ মালিকেরা বলছেন, এমনিতেই মন্দা বাজার। তার ওপর সফটওয়্যারটির কারণে বারবার লেনদেনে বিঘ্ন ঘটছে। এতে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর হাউস মালিকদের দায়ী করছেন। অথচ এ জন্য কোনোভাবেই হাউস মালিকেরা দায়ী নন। সফটওয়্যারের সমস্যায় আক্রান্ত হয়েছে এমন একটি ব্রোকারেজ হাউসের এক কর্মকর্তা জানান, ‘বিক্রয় আদেশ আটকে যাওয়ার কারণে বুধবার নতুন লেনদেন হওয়া কোম্পানিটির শেয়ার আমরা গ্রাহকদের কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারিনি। এতে বিনিয়োগকারীরা আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ বাজারে ওই শেয়ারের বাড়তি দাম থাকলেও কয়েক দফায় চেষ্টা করেও আমরা সেই দামে শেয়ার বিক্রি করতে পারিনি।’