ব্রোকারেজ হাউসগুলোকে ডিএসইর চিঠি
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউসগুলোকে ৩২ দফা অত্যাবশ্যকীয় পালনীয় বিষয়-সংবলিত একটি পত্র দিয়েছে ডিএসই। ডিএসইর মনিটরিং, ইনভেস্টিগেশন এবং কমপ্লায়েন্স বিভাগের উপমহাব্যবস্থাপক খন্দকার আসাদউল্লাহ স্বাক্ষরিত ওই চিঠি সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এরই মধ্যে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।চিঠিতে বলা হয়েছে, ‘পুঁজিবাজারকে অধিকতর গতিশীল ও কার্যকর করতে আপনার সদস্য কোম্পানি এবং বিনিয়োগকারীদের বিনিয়োগ নিরাপদ রাখতে কয়েকটি বিষয় যথাযথভাবে পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।’চিঠিতে যেসব বিষয় পরিপালনের কথা বলা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিনিয়োগের অর্থ কনসোলিডেটেড কাস্টমার ব্যাংক অ্যাকাউন্টে সঠিকভাবে সংরক্ষিত থাকতে হবে। কোনো অবস্থাতেই বিনিয়োগকারীদের অর্থ অন্য খাতে ব্যবহার করা যাবে না; সদস্য কোম্পানি গ্রাহকদের কাছ থেকে পাঁচ লাখ টাকার অধিক অর্থ নগদ গ্রহণ করা যাবে না এবং একইভাবে গ্রাহকদের পাঁচ লাখ টাকার অধিক অর্থ নগদ প্রদান করা যাবে না, যা অত্যাবশ্যকীয় পালনীয়; বিনিয়োগকারীদের মার্জিন-সুবিধা প্রদান করতে চাইলে কোম্পানির নিজস্ব তহবিল থেকে প্রদান করতে হবে এবং এই বিষয়গুলো ব্যালান্স শিটে প্রদর্শন করতে হবে, কনসোলিডেটেড কাস্টমান অ্যাকাউন্টে গচ্ছিত অর্থ কোনো অবস্থাতেই মার্জিন-সুবিধার জন্য ব্যবহার করা যাবে না; ব্রোকারেজ হাউসকে নিট ক্যাপিটাল ব্যালান্সের হিসাব ডিএসইতে পাঠাতে হবে; সদস্য কোম্পানিকে অধিকতর নিরাপদ রাখতে রিস্ক-বেসড ক্যাপিটাল এডিকোয়েসি রিকোয়ারমেন্ট সঠিকভাবে অনুসরণ করতে হবে।এ ছাড়া আরও উল্লেখযোগ্য বিষয় হলো কোম্পানির পরিচালকদের নিজ নামে অথবা আত্মীয়স্বজনের নামে গ্রাহক হিসাব থাকতে পারে, তবে কোনো অবস্থাতেই ওই হিসাবে মার্জিন-সুবিধা প্রদান করা যাবে না; সংশ্লিষ্ট হাউসগুলোর কর্মকর্তা-কর্মচারীদের গ্রাহক হিসাবে মার্জিন-সুবিধা প্রদান করা যাবে না; অনুমোদিত প্রতিনিধিরা কর্মরত কোম্পানিতে নিজের নামে বা আত্মীয়স্বজনের নামে বা বেনামে কোনো অবস্থাতেই বিও হিসাব খুলতে পারবে না; বিনিয়োগকারীর আবেদন সাপেক্ষে তাঁর হিসাবে রক্ষিত সিকিউরিটিজগুলো লিংক হিসাবে স্থানান্তর করার আগে বিনিয়োগকারীর প্রদত্ত স্বাক্ষর অবশ্যই সঠিকভাবে যাচাই করতে হবে; অনুমোদন ব্যতীত অফ-মার্কেটে সিকিউরিটিজ কোনো অবস্থাতেই স্থানান্তর করা যাবে না; একজন বিনিয়োগকারীর বিও হিসাবে রক্ষিত অর্থ ও সিকিউরিটিজ অন্য বিনিয়োগকারীর হিসাবে কোনো অবস্থাতেই স্থানান্তর করা যাবে না; মার্কেট লট ভেঙে সিকিউরিটিজ অড লট হিসেবে বিক্রি করা যাবে না, তা ছাড়া মার্কেট লট করার জন্য যে পরিমাণ সিকিউরিটিজ প্রয়োজন, তার অতিরিক্ত সিকিউরিটিজ ক্রয় করা যাবে না; কোনো বিনিয়োগকারীকে ঋণসুবিধা প্রদান করলে মার্জিন রুলস ১৯৯৯-এর ধারা ৩(২) অনুযায়ী মার্জিন-চুক্তি করতে হবে এবং মার্জিনঋণের বিধি-বিধান সঠিকভাবে পালন করতে হবে; একজন বিনিয়োগকারীকে ঋণসুবিধা প্রদানের ক্ষেত্রে নিয়ম অনুয়ায়ী গড় নিট ক্যাপিটাল ব্যালান্স ২৫ শতাংশ অনুসরণ করতে হবে; এসইসির আদেশ অনুযায়ী এ বি জি ও এন ক্যাটাগরির সিকিউরিটিজগুলো বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ ম্যাচিউরড হওয়ার আগে জেড ক্যাটাগরির শেয়ার কোনো অবস্থায় ক্রয় করা যাবে না; ২০০৫ সালের ১৩ ফেব্রুয়ারি এসইসির আদেশ অনুযায়ী কোনো সিকিউরিটিজ বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ একই সিকিউরিটিজ ক্রয় করার ক্ষেত্রে নিটিং করা যাবে না; এসইসির নির্দেশ মোতাবেক বর্তমান মূল্য আয়ের অনুপাত (পিই) অনুসরণ করে মার্জিন-সুবিধা প্রদান করতে হবে; গ্রাহকদের ঋণসুবিধা প্রদানের ক্ষেত্রে এসইসি কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুযায়ী ঋণ অনুপাত হার সঠিকভাবে বজায় রাখতে হবে, ওই হার কোনো অবস্থাতেই অতিক্রম করা যাবে না; কোনো সিকিউরিটিজের ক্যাটাগরি পরিবর্তন হলে এবং নতুন সিকিউরিটিজ তালিকাভুক্ত হলে প্রথম কার্য দিবস থেকে ৩০ কার্যদিবস পর্যন্ত ওই সিকিউরিটিজ ক্রয়ের জন্য গ্রাহকদের ঋণসুবিধা প্রদান করা যাবে না।এ ছাড়া সিকিউরিটিজ-সংক্রান্ত আইনকানুন, আদেশ ও নির্দেশনা যথাযথভাবে পরিপালনের জন্য ডিএসইর পক্ষ থেকে পাঠানো চিঠিতে অনুরোধ করা হয়েছে।