ব্র্যাক আইটি সার্ভিসেস যাত্রা শুরু করল

ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগে যাত্রা শুরু করেছে ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড (বিআইটিএস)। এটি ব্র্যাক ব্যাংকের পঞ্চম অঙ্গপ্রতিষ্ঠান।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ঢাকার একটি হোটেলে সম্প্রতি বিআইটিএসের উদ্বোধন করেন। এ সময় বিআইটিএসের চেয়ারম্যান মোহাম্মদ এ. (রুমী) আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নওয়েদ ইকবাল এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
মোহাম্মদ এ. (রুমী) আলী বলেন, ‘ব্র্যাক ব্যাংকের প্রতিটি অঙ্গপ্রতিষ্ঠান উদ্ভাবনী সেবা নিয়ে আসে। বিআইটিএসও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।’
সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘দেশের বিভিন্ন কোম্পানি মানবসম্পদ ব্যবস্থাপনায় সাশ্রয়ী খরচে বিআইটিএস থেকে বিশ্বমানের আইটি সেবা নিতে পারবে।’
নওয়েদ ইকবাল বলেন, ‘উন্নত প্রযুক্তি ও সল্যুশনের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে বিআইটিএস।’
বিআইটিএসের প্রধান সেবাগুলো হচ্ছে—এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, মানবসম্পদ, স্থায়ী সম্পদ ও এডিসি সিস্টেম ব্যবস্থাপনা, ডেটা সেন্টার মনিটরিং, ব্যাক অফিস সল্যুশন ডিপ্লয়মেন্ট, সিস্টেম ইন্টিগ্রেশন, পরামর্শ প্রদান, স্কুল ম্যানেজমেন্ট, ইআরপি ইতাদি। বিজ্ঞপ্তি।