ব্র্যাক ও আইএফআইসি ব্যাংকের রাইট আবেদন নাকচ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের রাইট ইস্যুর আবেদন নাকচ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার নিয়মিত সভায় কমিশন এ সিদ্ধান্ত নেয়।
বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলস, ২০০৬-এর রুল ৩ (ডি) অনুযায়ী রাইট ইস্যুর প্রস্তাবিত পরিমাণ পরিপূর্ণভাবে আন্ডাররাইটিং সম্পন্ন করে আবেদন দাখিল না করায় প্রতিষ্ঠান দুটির আবেদন কমিশন বিবেচনা করেনি।
ডিএসই সূত্রে জানা যায়, ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ১৬ এপ্রিল শেয়ারহোল্ডারদের জন্য ১:২ রাইট অর্থাত্ বিদ্যমান দুটি শেয়ারে একটি শেয়ার ঘোষণা করে। আর গত বছরের ৩০ এপ্রিল আইএফআইসি ব্যাংক ঘোষণা করে ৩: ৪ অর্থাত্ বিদ্যামান চারটি শেয়ারের বিপরীতে তিনটি রাইট শেয়ার ঘোষণা করে। বিষয়টি অনুমোদনের জন্য কমিশনে পাঠানো হয়।