ব্র্যাক ব্যাংক অনলাইনে কেনাকাটা সেবা চালু করল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক লিমিটেড ও ভিসা সম্মিলিতভাবে দেশে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করেছে। এর ফলে সাধারণ গ্রাহক তথা ভোক্তারা ব্র্যাক ব্যাংকের অথবা অন্য ব্যাংকের ইস্যু করা ভিসা লোগো-সংবলিত যেকোনো কার্ড ব্যবহার করে অনলাইনের মাধ্যমে তাঁদের নিজ নিজ পছন্দের পণ্যসামগ্রী কেনার সুযোগ পাবেন।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গত রোববার ঢাকায় ব্র্যাক ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই ই-কমার্স বা অনলাইন কেনাকাটা সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি অফিসার উত্তম নায়ক এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।আতিউর রহমান বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক জনসাধারণের দ্বারপ্রান্তে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে। এ ধরনের অভিযাত্রায় আরেকটি নতুন মাইলফলক হলো এই অনলাইন শপিং বা কেনাকাটার সুযোগ তৈরির কার্যক্রম। দেশে প্রথমবারের মতো দেশীয় একটি ব্যাংকের নিয়ে আসা এই সেবাটির উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’মোহাম্মদ এ (রুমী) আলী বলেন, ‘আশা করছি, এটাই হবে বাংলাদেশে অনলাইন ব্যবসায়ের বিপ্লবের সূচনা, যেটির মাধ্যমে এ দেশের অনলাইন ব্যবসায় নিত্যনতুন পণ্য-সেবা উদ্ভাবনের মাধ্যমে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম হবে।’সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের এই সেবা ভোক্তাদের যেকোনো ধরনের পণ্য ক্রয়ের ক্ষেত্রে যেমন সময় ও অর্থ বাঁচিয়ে দেবে, তেমনি ঝক্কি-ঝামেলাও কমাবে।’বর্তমানে দেশে রাত আটটায় দোকানপাট বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে ব্র্যাক ব্যাংকের চালু করা অনলাইন শপিং বা কেনাকাটা সেবা দিবারাত্রি ২৪ ঘণ্টাই খোলা থাকবে। ব্র্যাক ব্যাংকের ওয়েব সাইটে মার্চেন্ট লিস্ট তথা অনলাইনে পণ্য বিক্রেতাদের তালিকা পাওয়া যাবে। এ ক্ষেত্রে গ্রাহক তথা ভোক্তারা প্রথমে ইন্টারনেট ব্রাউজ করে অনলাইন সুপার স্টোরগুলো বা নির্দিষ্ট কোনো বিক্রেতা-প্রতিষ্ঠানের পণ্য পছন্দ করে ফরমায়েশ দেবেন। বিজ্ঞপ্তি।