ব্র্যাক ব্যাংকের এসএমই ইউনিটে প্রবাসী-আয় বিতরণের সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক লিমিটেড তার এসএমই ইউনিটের মাধ্যমে রেমিট্যান্স বা প্রবাসী-আয় বিতরণের সেবা চালু করেছে। এর ফলে গ্রামীণ জনপদের গ্রাহকেরা এখন তাঁদের দোরগোড়াতেই বিদেশ থেকে প্রিয়জনের পাঠানো টাকা দ্রুত, স্বচ্ছন্দে ও নিরাপদে গ্রহণ করতে পারবেন।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান গত বৃহস্পতিবার গাজীপুরের কাপাসিয়ার এসএমই ইউনিট অফিসে স্থানীয় গ্রাহক সেলিনা আক্তারের হাতে প্রবাসী-আয়ের অর্থ হস্তান্তরের মাধ্যমে নতুন এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান আবদুর রহমান, যোগাযোগ ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জীশান কিংশুক হক, প্রবাসী ব্যাংকিংয়ের ভারপ্রাপ্ত প্রধান শাহীন ইকবাল উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে ব্র্যাক ব্যাংকের ২১টি এসএমই ইউনিটে এই সেবা দেওয়া হবে। এগুলো হচ্ছে: কুমিল্লার চান্দিনা, ব্রাহ্মণপাড়া, হোমনা, বরুড়া, দেবীদ্বার, কোম্পানীগঞ্জ ও লাকসাম; টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুর; ফেনীর ছাগলনাইয়া ও দাগনভূঞা; নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও চাটখিল; মুন্সিগঞ্জের শ্রীনগর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, গাজীপুরের কাপাসিয়া, সিলেটের গোলাপগঞ্জ, চাঁদপুরের কচুয়া, সুনামগঞ্জের দিরাই; ময়মনসিংহের ভালুকা এবং কিশোরগঞ্জের কটিয়াদি। বিজ্ঞপ্তি।