ব্র্যাক ব্যাংকের গ্রাহকসংখ্যা ১০ লাখ অতিক্রম করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংকের গ্রাহকসংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। প্রতিষ্ঠার নয় বছরের মধ্যেই এ মাইলফলক অতিক্রম করল এই বেসরকারি ব্যাংকটি। গতকাল সোমবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রশিদ এবং হেড অব করপোরেট অ্যাফেয়ার্স জিশান কিংশুক হক। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ পর্যন্ত ব্র্যাক ব্যাংক প্রায় ১৩ হাজার কোটি টাকার এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ) ঋণ দিয়েছে। এ ছাড়া গ্রাহকদের রিটেইল ও করপোরেট ব্যাংকিংয়ের পাশাপাশি প্রবাসী-আয় আনয়নে সেবা দিচ্ছে। এ বছর ব্র্যাক ব্যাংক দি ফাইন্যান্সিয়াল টাইমস এবং আইএফসি কর্তৃক এশিয়া অঞ্চলে ‘ইমার্জিং মার্কেটস সাসটেইনেবল ব্যাংক অব দ্য ইয়ার-২০১০ ইন এশিয়া’তে ভূষিত হয়েছে। সংবাদ সম্মেলনে সৈয়দ মাহবুবুর রহমান জানান, আগামী বছর ‘বিকাশ’ নামে মোবাইল ব্যাংকিং চালু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। দেশের মাত্র ১৯ শতাংশ জনগোষ্ঠী এখন ব্যাংকিং-সুবিধার আওতায় রয়েছে। বাকি জনগোষ্ঠীকে মোবাইল ব্যাংকিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্র্যাক ব্যাংকের ১০ লাখ গ্রাহক সম্পর্কে মাহবুবুর রহমান আরও বলেন, ‘এই অর্জন সত্যিকারভাবে উৎসাহজনক।’ সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ব্র্যাক ব্যাংক ব্যবসার পাশাপাশি মানুষ, পৃথিবী এবং মুনাফা—এই ‘থ্রি পি’ দর্শন অনুসরণ করে গ্রিন ব্যাংকিংয়ের অংশ হিসেবে প্লানেট কার্ড চালু করেছে। এসএমই মডেলে শহর থেকে তহবিল সংগ্রহ করে গ্রামে বিতরণ করে গ্রামের উদ্যোক্তাদের দেওয়া হচ্ছে। বর্তমানে ব্র্যাক ব্যাংকের ১৩৭টি শাখা, ২২০টি এটিএম বুথ, ৪২৪টি এসএমই ইউনিট অফিস, এক হাজার ৯০০-এর বেশি রেমিট্যান্স ডেলিভারি পয়েন্ট এবং দেড় হাজারের বেশি পিওএস (পয়েন্ট অব সেলস) টার্মিনাল রয়েছে।