ব্র্যাক ব্যাংকের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
১৬ জুলাই প্রথম আলোর ১৩ পাতায় প্রকাশিত ‘ব্যাংক খাতে ২ লাখ গ্রাহক ঋণখেলাপি’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির হেড অব কমিউনিকেশনস জারা জাবীন মাহবুব স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে মার্চ পর্যন্ত ব্র্যাক ব্যাংকের ঋণখেলাপি গ্রাহকের সংখ্যা ৩৯ হাজার ৯৫২। ব্যাংকের শুরু থেকে সব অবলোপনকৃত ঋণের গ্রাহকের সংখ্যা অন্তর্ভুক্ত করায় এ সংখ্যা বেশি দেখা যাচ্ছে। প্রকৃতপক্ষে গত ৩০ জুন পর্যন্ত ব্যাংকের ঋণখেলাপি গ্রাহকের সংখ্যা ১০ হাজার ২৫২। এ ছাড়া অবলোপনকৃত খেলাপি ঋণগ্রহীতার সংখ্যা ৩২ হাজার ৮১১। প্রতিবেদনটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে প্রতীয়মান হচ্ছে ব্র্যাক ব্যাংকের খেলাপি ঋণ সবচেয়ে বেশি। প্রকৃতপক্ষে পুরো ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংকের খেলাপি ঋণের হার সবচেয়ে কম।
প্রতিবেদকের বক্তব্য: জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সাংসদের প্রশ্নের জবাবে গত ২০ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, দেশের ৫৫টি ব্যাংকে বর্তমানে ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে ২ লাখ ২ হাজার ৬২৩ জন গ্রাহক খেলাপি। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি গ্রাহক ব্র্যাক ব্যাংকের। ব্যাংকটিতে খেলাপি গ্রাহকের সংখ্যা ৩৯ হাজার ৯৫২। বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) মার্চভিত্তিক একটি প্রতিবেদনও দেওয়া হয় সংসদে। মূলত সংসদে দেওয়া তালিকা ধরেই প্রতিবেদনটি তৈরি করা হয়। ব্যাংকটির প্রতিবাদপত্রটিতে দেওয়া অবলোপনকৃত খেলাপি গ্রাহকের সংখ্যা হিসাবে নিলে খেলাপি গ্রাহকের সংখ্যা আরও বেশি হয়।