ব্র্যাক ব্যাংকের মোবাইল আর্থিক সেবা ‘বিকাশ’ চালু হবে অচিরেই
ব্র্যাক ব্যাংক লিমিটেড অচিরেই ‘বিকাশ’ নামের একটি মোবাইল আর্থিক সেবা চালু করতে যাচ্ছে। এ সেবার মাধ্যমে ব্যাংকটি দেশের ১০ কোটি মানুষের কাছে ব্যাংকিং-সেবা পৌঁছে দিতে চাইছে।ব্যাংকের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান জীশান কিংশুক হক উপস্থিত ছিলেন।সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্যাংকিং-সুবিধার বাইরে থাকা দেশের বিশাল জনগোষ্ঠীকে এ সেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যে ১০ বছর আগে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠিত হয়। শহুরে এলাকা থেকে আমানত সংগ্রহ করে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে ঋণসুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, ব্র্যাক ব্যাংক গ্রামীণ জনগোষ্ঠীকে ব্যাংকিং-সেবা দেওয়ার লক্ষ্যে ৪০% শাখা গ্রামীণ এলাকা বা শহরতলি এলাকায় স্থাপন করেছে।