ব্র্যাক ব্যাংকের রেকর্ড পরিমাণ এসএমই ঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক চলতি বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে রেকর্ড পরিমাণ ঋণ বিতরণ করেছে, যা এরই মধ্যে পাঁচ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই ঋণ আগের বছরের চেয়ে ৭১২ কোটি টাকা বেশি।গতকাল বুধবার ব্যাংকের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে সামাজিক মূল্যবোধভিত্তিক ব্যাংকগুলোর জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজের (জিএবিভি) সাম্প্রতিক এক সমীক্ষার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ব্র্যাক ব্যাংক থেকে এসএমই ঋণ নেওয়া উদ্যোক্তাদের স্থায়ী সম্পদের পরিমাণ ২২৩ শতাংশ, ইক্যুইটি ক্যাপিটাল ১০৯ শতাংশ, বিক্রি ১৩৪ শতাংশ ও মুনাফা ৯১ শতাংশ বেড়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এসএমই ঋণ বিতরণে ব্র্যাক ব্যাংক অভাবনীয় প্রবৃদ্ধি অর্জন করে চলেছে। এই সাফল্যের সঙ্গে সঙ্গে কিছু চ্যালেঞ্জও আছে। কারণ, সারা দেশে ঋণ বিতরণ ও তদারকি করতে প্রচুর জনবলের দরকার হয়।মাহবুবুর রহমান আরও জানান, ব্র্যাক ব্যাংক যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত ১১ বছরে দেশজুড়ে চার লাখ এসএমই উদ্যোক্তার মধ্যে মোট ২২ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে। এতে সারা দেশে প্রায় ১৩ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। এ ছাড়া আট হাজার নারী উদ্যোক্তার মধ্যে ৩৬০ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে।