বিক্রি হবে নার্সারি, রেশমবস্ত্র, হাতে তৈরি কাগজ ও সৌরশক্তির পণ্য
ব্র্যাকের পরিবেশবান্ধব পণ্য বিক্রয়কেন্দ্র চালু
পরিবেশবান্ধব ব্যবসা উদ্যোগের আওতায় ব্র্যাক এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করেছে ‘ব্র্যাক কানন’ নামের একটি বিক্রয়কেন্দ্র। ব্র্যাকের চার ধরনের উদ্যোগ: নার্সারি, রেশম (সেরিকালচার), হস্তজাত কাগজ (রিসাইকেল্ড হ্যান্ডমেইড পেপার) এবং সৌরশক্তি (সোলার) পণ্য এখান থেকে বিক্রি করা হবে।রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডে (গুলশান আড়ংয়ের বিপরীত পাশে) গতকাল শনিবার ব্র্যাক কাননের উদ্বোধন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব ও ব্র্যাক পরিচালনা পর্ষদের সদস্য আইরিন খান।অনুষ্ঠানে ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ এ (রুমী) আলী বলেন, পৃথিবীটা যে দিন দিন পরিবেশগত দিক থেকে খারাপ অবস্থার দিকে যাচ্ছে, সে বিষয়ে কোনো বিতর্ক নেই। এ ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটাই এখন বড় বিষয়।ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, মানববর্জ্য পুনঃপ্রক্রিয়াজাত করে তা থেকে অর্গানিক সার তৈরির উদ্যোগও নিয়েছে ব্র্যাক। এ জন্য এক কোটি ৮০ লাখ ডলারের একটি তহবিল পাওয়া গেছে। তা ছাড়া ইতিমধ্যে টঙ্গী ইউনিয়ন পরিষদের সঙ্গে মানববর্জ্যের বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সাধারণ বিষয়ও এখন এন্টারপ্রাইজের বিষয় হয়ে গেছে। ২০ বছর আগেও চিন্তা করতে পারতাম না বাগান করা এন্টারপ্রাইজের বিষয়। কিন্তু এখন তা-ই হচ্ছে।’ ঢাকা থেকে বাগান হারিয়ে গেছে—মন্তব্য করে রিজওয়ানা হাসান বলেন, এ ধরনের নার্সারির প্রয়োজন আছে। এতে নগরের শিশুরা বাগানের সঙ্গে, সবুজের সঙ্গে পরিচিত হতে পারবে।অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সদস্য সচিব ইকবাল হাবিব, ব্র্যাক এন্টারপ্রাইজের কর্মসূচি-প্রধান নাজরা মাহজাবিন সাবেত প্রমুখ বক্তব্য দেন।আয়োজকেরা জানান, ব্র্যাক ব্যবহূত কাগজ প্রক্রিয়াজাত করে নতুন কাগজ তৈরি করছে। এতে একদিকে গাছ ধ্বংস হচ্ছে না, অন্যদিকে পরিবেশগত ক্ষতিও কমছে। পাতলা ও মোটা কাগজ, অঙ্কন কাগজ (আর্ট পেপার), উপহার বাক্স, ব্যবহারিক খাতা, নোট বুকসহ বিভিন্ন সামগ্রী তৈরিও করা হচ্ছে।ব্র্যাক সেরিকালচার বিভিন্ন ধরনের রেশমবস্ত্র তৈরি করছে। এ জন্য গ্রামীণ নারীদের তুত চাষ/উৎপাদন, রেশমপোকা লালনে বিশেষভাবে সহায়তা করছে।ব্র্যাক নার্সারিতে বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক, ফলন, বনজ ও ঔষধি গাছ পাওয়া যায়। দেশের বিভিন্ন স্থানে ব্র্যাকের ১৫টি নার্সারি রয়েছে।ব্র্যাক সোলার ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে ৭৫ হাজার বাসায় সৌরচুল্লি স্থাপন করেছে। যেসব গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি সেখানকার জন্য নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করতে ব্র্যাক কাজ করছে। এ লক্ষ্যে একটি বাতি তৈরি করা হয়েছে, যেটা দিনের বেলা সূর্যের আলোতে চার্জ হবে, রাতের বেলায় আলো দেবে।ব্র্যাক কাননে এই চারটি উদ্যোগের পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এটি খোলা থাকবে।অনুষ্ঠানে আরও জানানো হয়, পরিবেশবান্ধব ব্যবসায়উদ্যোগকে বিস্তৃত করতে ব্র্যাক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ব্র্যাক আরও মনে করে, এর ফলে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্থায়িত্ব বাড়বে এবং প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায়সহায়ক ভূমিকা পালন করবে।