ব্র্যান্ড ফোরাম লন্ডনে বাংলাদেশ সম্মেলনের আয়োজন করছে
২৬ ও ২৭ নভেম্বর লন্ডনে ‘মিট বাংলাদেশ’ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং গুরুত্বপূর্ণ ব্যবসা ও অন্যান্য সম্ভাবনাময় খাত সারা বিশ্বের সামনে তুলে ধরার উদ্দেশ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) এই সম্মেলনের আয়োজন করছে।ঢাকার একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা এ তথ্য জানান। এতে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা, বিবিএফের প্রধান পরামর্শক অধ্যাপক সৈয়দ ফেরহাত আনোয়ার, পরামর্শক শিল্পী নাজিয়া আন্দালিব প্রমুখ। সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন বিবিএফের প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম।সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সম্মেলনকে চার পর্বে ভাগ করা হয়েছে। এগুলো হলো: যুক্তরাজ্য ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা, ব্যবসা-সংক্রান্ত প্রদর্শনী, শিল্পকর্ম প্রদর্শনী ও যুক্তরাজ্যের গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়।যুক্তরাজ্যের ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে জ্বালানি, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি (আইসিটি), ওষুধ, সিরামিকস, বস্ত্র ও পোশাক, আসবাব, পর্যটন, শিক্ষা ও জ্ঞান উন্নয়ন এবং পুঁজিবাজারসহ প্রভৃতি বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন-সংক্রান্ত প্রদর্শনীও থাকবে।অন্যদিকে লন্ডনের এশিয়া হাউসে শিল্পী নাজিয়া আন্দালিবের সমকালীন শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন থাকবে।তপন চৌধুরী বলেন, প্রথমবারের বেসরকারি খাতের উদ্যোগে লন্ডনে বাংলাদেশের একক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। হরতাল, বন্যা ও ভিক্ষুক নয়, বাংলাদেশের অনেক ইতিবাচক দিকও রয়েছে। এগুলো বিদেশিদের সামনে তুলে ধরতে হবে।রাব্বুর রেজা বলেন, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দেশের ভাবমূর্তি ও অর্থনৈতিক সম্ভাবনাকে বিদেশের মাটিতে তুলে ধরবে। এ উদ্যোগের ফলে দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।