ব্র্যান্ড ফোরামের দ্বিতীয় নেতৃত্ব সম্মেলন হবে ২ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে নেতৃত্ব সম্মেলন বা ‘লিডারশিপ সামিট ২০১০’। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু ‘যুগান্তরী পদক্ষেপ গ্রহণ’। আগামী ২ অক্টোবর রাজধানীর র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যান্ড ফোরামের উদ্যোক্তারা এসব তথ্য জানান। এ সময় তাঁরা বলেন, বাংলাদেশের সমসাময়িক ও প্রাসঙ্গিক বিষয়ে উন্নয়নশীল প্রতিষ্ঠানগুলোর ভূমিকা এবং দায়িত্ব পালনে ব্যবসায়ী নেতাদের করণীয় বিষয় নিয়ে আলোচনা ও বিশ্লেষণের উদ্যোগ নেওয়া হবে এই সম্মেলনে।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিবিএফের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিবিএফের প্রধান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ফারহাত আনোয়ার, বিবিএফের উপদেষ্টা নাজিয়া আন্দালিব এবং গ্রামীণফোনের সিসিও কাজী মনিরুল কবির।শরিফুল ইসলাম জানান, দিনব্যাপী এ সম্মেলনে উপস্থিত থাকবেন বিশ্বব্যাপী আলোচিত বিভিন্ন ব্যবসায়িক বিষয়ের বিশেষজ্ঞরা। তাঁরা স্থানীয় ব্যবসায়িক নেতাদের সামনে নিজেদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা তুলে ধরবেন, যা স্থানীয় ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে, যার বিষয়গুলো হলো যুগান্তরী পদক্ষেপের উদ্দেশ্য, কৌশল প্রণয়ন এবং অভ্যন্তরীণ হস্তক্ষেপ ও বাস্তবায়ন। এসব বিষয়ের ওপর নিজ নিজ গবেষণার ভিত্তিতে আলোচনা করবেন বৈশ্বিক নেতৃত্ব এবং বাস্তবায়ন বিশেষজ্ঞ রামচরণ, কেলগ বিজনেস স্কুলের প্রাক্তন অধ্যাপক দীপক জৈন, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস ইংল্যান্ডের ফেলো, মার্কেটিং ইনস্টিটিউট অব সিঙ্গাপুর ও সিঙ্গাপুর হিউম্যান রিসোর্স ইনস্টিটিউটের সিনেট হেড অ্যালেন জে প্যাটমারাযা এবং প্রখ্যাত বাণিজ্য ও মিডিয়া বিশেষজ্ঞ রেনে ক্যারোল।সংবাদ সম্মেলনে জানানো হয়, লিডারশিপ সামিট ২০১০-এর প্লাটিনাম স্পনসর দেশের বৃহৎ টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন, আর কো-স্পনসর রহিমআফরোজ। এ ছাড়া নলেজ পার্টনার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, টেকনোলজি পার্টনার এসএসডি-টেক, মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং পিআর পার্টনার কনসিটো পিআর।