ব্র্যান্ডের মিষ্টির চাহিদা বাড়ছে
‘আগে দর্শনধারী, তারপর গুণবিচারী’ প্রবাদটা যেন এখন মিষ্টি ব্যবসায়ীদের মুখে মুখে। কারণ, সনাতনী মিষ্টির পরিবর্তে এখন ব্র্যান্ডের মিষ্টির প্রতি ভোক্তাসাধারণের চাহিদা বেশি।এ কারণে মিষ্টি ব্যবসায়ীরা এখন ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে মিষ্টি তৈরিতে নানা বৈচিত্র্যের সমন্বয় ঘটাচ্ছেন। শুধু তা-ই নয়, চাহিদা বুঝে মিষ্টির মানও নিশ্চিত করতে হচ্ছে এ খাতের ব্যবসায়ীদের। মিষ্টি ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।ব্যবসায়ীরা জানান, শুধু মিষ্টির মান নয়, এখন মিষ্টির দোকান বা শোরুমের পরিবেশও ক্রেতা সন্তুষ্টির অন্যতম অনুষঙ্গ হয়ে গেছে। তাই মিষ্টির মান উন্নত করার পাশাপাশি শোরুমের পরিবেশ উন্নত করার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হচ্ছে।মিষ্টি প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা বলেন, দেশজুড়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের আত্মপ্রকাশের পর ভোক্তাদের চাহিদায় বেশ পরিবর্তন এসেছে। যুক্ত হয়েছে স্বাস্থ্যগত বিষয়টিও।বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) নেতারা বলেন, রাজধানীর মধ্যে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্র্যান্ডের মিষ্টির প্রতি ভোক্তাদের চাহিদা সবচেয়ে বেশি। এ রকম কয়েকটি হলো: প্রিমিয়াম সুইটস, রস, প্রমিন্যান্ট, বনফুল, মুসলিম সুইটস ও সালাম ডেইরি।বিএসএমএর সাধারণ সম্পাদক আমিনুর রহমান বলেন, মিষ্টির মানের পাশাপাশি প্রিমিয়াম সুইটসের শোরুম, বিক্রেতাদের ব্যবহারসহ প্রতিষ্ঠানটির আউটলুক ভোক্তা আকর্ষণের প্রধান কারণ। এই প্রতিষ্ঠানটি তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড শুরুর পর থেকে এই ব্যবসার সঙ্গে যুক্ত অন্যদের মধ্যে পণ্যের মান এবং পরিবেশ উন্নত করার ব্যাপারে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়েছে।আমিনুর আরও বলেন, আগে এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন অপেক্ষাকৃত কম শিক্ষিত কিছু লোক। পারিবারিক সূত্রে তাঁরা বছরের পর বছর এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু এখন সময় পাল্টেছে। দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা লাভ করে এখন অনেকে এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁরা মিষ্টি তৈরিতে এখন সনাতনী পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছেন।বিএসএমএর সহসভাপতি মোহাম্মদ আলী বলেন, ভোক্তাভেদে মিষ্টির চাহিদা ভিন্ন হলেও বর্তমানে মানসম্মত ব্র্যান্ডের মিষ্টির চাহিদাই বেশি।আমিনুর রহমান জানান, বর্তমানে সারা দেশে প্রায় এক হাজার প্রতিষ্ঠিত মিষ্টির দোকান বা শোরুম রয়েছে। এর মধ্যে রাজধানীতেই রয়েছে পাঁচ শতাধিক। এর বাইরে মিষ্টি ও বেকারি পণ্য মিলিয়ে অসংখ্য শোরুম রয়েছে। সমিতির নেতারা জানান, রাজধানীজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাঁচ শতাধিক শোরুমে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৭৫ লাখ টাকার মিষ্টি বিক্রি হয়। সেই হিসাবে প্রতি মাসে প্রায় ১৫ থেকে সাড়ে ২২ কোটি টাকার মিষ্টি বিক্রি হয় শুধু রাজধানীতেই।তবে মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ২০০। এখানে দুই হাজারের ওপর কারিগর কাজ করেন। আর কর্মকর্তা, বিক্রয়কর্মী ও সহযোগী মিলিয়ে আরও অন্তত আট হাজার মানুষ কাজ করছেন মিষ্টির দোকানগুলোয়। মিষ্টির অন্যতম প্রধান উপাদান দুধ। বর্তমানে প্রায় তিন হাজার দুগ্ধ সরবরাহকারী আছেন।