ব্লুমবার্গে রেইস রিসার্চ বাংলাদেশের ইনডেক্স দেখা যাবে
বাংলাদেশের শেয়ারবাজারের ওপর রেইস রিসার্চের তৈরি করা ইনডেক্স বা সূচক এখন থেকে ব্লুমবার্গের অনলাইন টার্মিনালে দেখতে পাওয়া যাবে।এ ব্যাপারে সম্প্রতি আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের সংবাদ প্রকাশনার অন্যতম মাধ্যম আমেরিকার ব্লুমবার্গ ফাইন্যান্স এলপির সঙ্গে বাংলাদেশের শেয়ারবাজার-সংক্রান্ত গবেষণাপ্রতিষ্ঠান রেইস রিসার্চের একটি চুক্তি হয়েছে।ব্লুমবার্গের একজন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশের বিনিয়োগকারীদের আগ্রহ দেখে আমরা এখানকার শেয়ারবাজারের ইনডেক্স বা সূচক নেওয়ার সিদ্ধান্ত নেই। এ ক্ষেত্রে আমরা রেইস রিসার্চের ইনডেক্সকেই নির্বাচন করি। কারণ, এতে সঠিক নিয়ম ব্যবহার করা হয়েছে। রেইস রিসার্চ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আরিফ আবদুল্লাহ এ ঘটনাকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, ব্লুমবার্গের মতো বিখ্যাত প্রতিষ্ঠানে বাংলাদেশের ইনডেক্স প্রকাশ শুধু রেইস রিসার্চের জন্যই আনন্দদায়ক নয়, বরং এটি বাংলাদেশের জন্যও গর্বের। রেইস রিসার্চ ভবিষ্যতেও ব্লুমবার্গের সঙ্গে কাজ করে দেশের পুঁজিবাজারে বিভিন্ন পণ্য নিয়ে আসবে বলে তিনি জানান।আমেরিকার ওয়াল স্ট্রিটের কয়েকজন পুঁজিবাজার বিশেষজ্ঞের উদ্যোগে ২০০৩ সালে রেইস রিসার্চ বাংলাদেশ আত্মপ্রকাশ করে। রেইস রিসার্চের তৈরি করা ইনডেক্সগুলো হলো: রেইস বাংলাদেশ নিফিট-ফিফিট ইনডেক্স, রেইস বাংলাদেশ-শীর্ষ ১০০ ইনডেক্স ও ১৫টি সেক্টর ইনডেক্স ইত্যাদি। বিজ্ঞপ্তি।