ব্ল্যাক বেরি নিয়ন্ত্রণ করায় যুক্তরাষ্ট্রের হতাশা, আমিরাতের পাল্টা জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সরকার তাদের দেশে ব্ল্যাক বেরির বিভিন্ন ব্যবহার নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তাতে ‘হতাশা’ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটি আশঙ্কা করছে, আমিরাত ও সৌদি আরবে ব্ল্যাক বেরি নিয়ন্ত্রিত হলে অবাধ তথ্যপ্রবাহ ব্যাহত হবে। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিজে ক্রাউলি বলেন, যুক্তরাষ্ট্র সবসময়ই বিভিন্ন দেশে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ব্ল্যাক বেরির মতো প্রযুক্তির প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন, ‘উদ্ভাবনী অর্থনীতির জন্য যেকোনো প্রযুক্তি অত্যন্ত গুরুত্ব বহন করে।’সৌদি আরব ও আমিরাত সরকার সম্প্রতি দেশ দুটিতে তথ্য নিরাপত্তা ব্যাহত হওয়ার আশঙ্কায় ব্ল্যাক বেরি প্রযুক্তির বেশ কয়েকটি ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা। নিষিদ্ধ করতে যাওয়া ব্যবহারগুলো হচ্ছে, ব্ল্যাক বেরির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার, ই-মেইল ও অন্যান্য বার্তা প্রেরণ ইত্যাদি। এদিকে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের কাছে জানতে চেয়েছে, ‘তথ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়া’ বলতে তারা কী বোঝাতে চেয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র আমিরাত সরকারের প্রতি সে দেশে ব্ল্যাক বেরির ব্যবহার সীমিত না করার আহ্বান জানিয়েছে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রাউলি আরও বলেছেন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার যেকোনো দেশের গণতন্ত্রায়ন, মানবাধিকার, অবাধ তথ্যপ্রবাহ ইত্যাদির জন্য অত্যন্ত জরুরি। তিনি মনে করিয়ে দেন, ইরান, চীন ও উত্তর কোরিয়ার ব্যাপারেও যুক্তরাষ্ট্রের মনোভাব একই এবং তারা এই দেশগুলো সম্পর্কে একই কথা বলে আসছে দীর্ঘদিন ধরে।অন্যদিকে ক্রাউলির মন্তব্যের জবাবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল ওতাইবা বলেছেন, ‘ক্রাউলির মন্তব্য খুবই হতাশাজনক। একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে জাতীয় নিরাপত্তার বিধি-বিধান করা আমিরাতের একান্তই নিজস্ব সিদ্ধান্ত। এটা নিয়ে কারোর কথা বলার অধিকার নেই। তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজেরাও জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের দেশে অনেক তথ্যপ্রযুক্তিই নিয়ন্ত্রণ করে থাকে। এখন অন্য কোনো দেশ যদি তা করে, তাহলে তাদের এত আপত্তি কেন?’ রয়টার্স।