ব্ল্যাকবেরি প্রযুক্তিতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ ভারত সরকারের
ভারত সরকার ব্ল্যাকবেরি প্রযুক্তির বার্তা আদান-প্রদানে নিয়ন্ত্রণব্যবস্থা তৈরির জন্য দেশটির মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে। সরকার চাচ্ছে, ব্ল্যাকবেরি প্রযুক্তি প্রস্তুতকারী কানাডিয়ান প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশনকে পাশ কাটিয়ে (রিম) স্থানীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ব্ল্যাকবেরির বার্তা ও অন্যান্য ব্যাপারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে।এদিকে ব্ল্যাকবেরি প্রস্তুতকারী প্রতিষ্ঠান রিম আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে এই প্রযুক্তির ব্যাপারে সরকারকে আংশিক নিয়ন্ত্রণ দেওয়ার কথা বলেছে। তার পরও ভারতীয় সরকার প্রযুক্তিটির পূর্ণ নিয়ন্ত্রণ হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ভারতের প্রায় ১১ লাখ ব্ল্যাকবেরি ব্যবহারকারীর ওপর মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান কিংবা সরকারের কোনো মনিটরিং নিয়ন্ত্রণ ছিল না। এতে করে সরকার দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছিল। ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ নামে পরিচিত এই সেবা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হতো রিসার্চ ইন মোশনের মাধ্যমে।নিরাপত্তার কারণে পৃথিবীর অনেক দেশেই ব্ল্যাকবেরির সেবা নিয়ন্ত্রিত করার কথা বেশ জোরের সঙ্গেই আলোচনা হচ্ছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে ব্ল্যাকবেরির বার্তা আদান-প্রদানে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা ঘোষিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের এই দেশ দুটির ব্ল্যাকবেরি প্রযুক্তি নিয়ন্ত্রিত করার উদ্যোগকে ‘অবাধ তথ্যপ্রবাহের পরিপন্থী’ হিসেবে অভিহিত করেছে।—পিটিআই, টাইমস অব ইন্ডিয়া।